বিদেশে প্রতারিত নিঃস্ব কর্মীর সংখ্যা বাড়ছে

মনির হোসেন

সৌদি আরব, কুয়েত, কাতার, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমানো শ্রমিকরা চুক্তি অনুযায়ী গিয়েও তাদের অনেকের ভাগ্যে কাজ জুটছে না। আবার অনেকের কাজ জুটলেও আকামা জটিলতার কারণে বেকার নতুবা পুলিশের ভয়ে পালিয়ে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। এরমধ্যে অনেকেই চাকরি পাওয়ার আশায় দালালের খপ্পরে পড়ে টাকা পয়সা দিয়েও নিঃস্ব হচ্ছেন। উপায় না পেয়ে প্রতারিত শ্রমিকদের মধ্যে অনেকেই পুলিশের হাতে ধরা পড়ে অথবা ধরা দিয়ে জেল খেটে খালি হাতে দেশে ফিরে আসছেন। এই সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশের অন্যতম শ্রমবান্ধব দেশ সৌদি আরবে। 
সর্বশেষ গত শনিবার রাতে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেল খেটে দেশে ফেরৎ এসেছে শতাধিক প্রতারিত, নিঃস্ব বাংলাদেশী শ্রমিক। তাদের প্রত্যেকেই বৈধভাবে দেশটিতে গিয়ে বিপদের মধ্যে পড়েছিলেন বলে ভুক্তভোগীদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। শুধু যে সৌদি আরবেই গিয়ে বাংলাদেশী শ্রমিকরা বিপদের মধ্যে দিনাতিপাত করছেন তা কিন্তু নয়, বৈধভাবে মালদ্বীপে গিয়েও অনেক শ্রমিক বেকার আছেন। অভিবাসন বিশ্লেষকরা বলছেন, সরকার নির্ধারিত উচ্চ অভিবাসন ব্যয়ে পাড়ি জমানোর কারণে শ্রমিকদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। একই সাথে বিদেশ যাওয়ার চিন্তা মাথায় আসার পর থেকে দালালদের উৎপাতের পাশাপাশি শ্রমবান্ধব দেশগুলোতে থাকা বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাসময়ে সহযোগিতা না পাওয়া। এসব কারণে বিদেশে পাড়ি জমানো কর্মীদের মধ্যে প্রতারিত ও নিঃস্ব হওয়ার সংখ্যা বাড়ছে। 
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, গত শনিবার রাত ১১টা ৫৫ মিনিটে সাউদিয়া এয়ারলাইন্সের (এসবি-৮০২) একটি ফ্লাইটে সৌদির সফর জেল থেকে তিন শতাধিক প্রবাসী বাংলাদেশী কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে ফেরা এসব নিঃস্ব শ্রমিকদের অবস্থা দেখে বিমানবন্দরে অনেকেই আফসোস করে বলছিলেন, ‘লাখ লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে তাদের হাসিমুখে ফেরার কথা। কিন্তু হচ্ছে উল্টো। তাদের প্রত্যেকের শারীরিক মানসিক অবস্থা বিধ্বস্ত। এসব কি সরকারের কেউ দেখছে না?
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন সংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্য মোতাবেক শনিবার রাতের ওই ফ্লাইটে যে তিন শতাধিক যাত্রী দেশে ফেরত এসেছে তারা সবাই জেল ফেরত। তাদের কারো আকামা নাই। আবার কিছু রয়েছে ওমরা যাত্রী। 
গতকাল বিমানবন্দরের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম না জানিয়ে নয়া দিগন্তকে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের জেল থেকে বাংলাদেশীদের ফেরত পাঠানো হচ্ছে। এরমধ্যে সবচেয়ে বেশি আসছে সৌদি আরব এবং মালয়েশিয়ার জেলখানা থেকে। আর সৌদি আরব থেকে প্রতিদিনই গড়ে সর্বনিম্ন ৫০-৬০ জনকে প্লেনে তুলে দেয়া হচ্ছে। তাদের বেশির ভাগের পায়ে জুতা থাকে না। কারো কারো হাতে ব্যাগ থাকে। তবে বেশির ভাগেরই থাকে না। জেল ফেরত এসব যাত্রীরা বিমানবন্দর ইমিগ্রেশন শেষ করেই প্রবাসী কল্যাণ ডেস্কে গিয়ে খাবার ও বাড়িতে ফিরে যেতে টাকা চায়। না দিলে সেখানে তারা ঝামেলা করে। একইভাবে মালয়েশিয়ার জেল থেকেও প্রতিনিয়ত বৈধ-অবৈধ কর্মীরা দেশে ফেরত আসছে। তবে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে শুধু লিবিয়া ফেরত শ্রমিকদের খাবার ও নগদ গাড়ি ভাড়া দেয়া হয় বলে জানা গেছে। 
 সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতারিত শ্রমিকদের সাথে আলাপ করে জানা গেছে, সৌদি আরব থেকে গড়ে প্রতি সপ্তাহে ৫০০ থেকে ৭০০ বাংলাদেশীকে ফেরত পাঠানো হয়। এদের আকামা ঠিক না থাকার কারণ দেখিয়ে ফেরত পাঠানে হয়। বর্তমানে সৌদি আরবে ৩০ লাখ প্রবাসী বাংলাদেশী রয়েছে। যুদ্ধের কারণে তাদের মধ্যে অনেকেই ভালো নেই। এরমধ্যে এক মিলিয়নের বেশি অর্থাৎ ১২ লাখ শ্রমিকের বৈধ আকামা নেই। এরা সৌদি সরকারের কাছে হুরুপ বা পলাতক হিসেবে পরিচিত। আকামা সুনির্দিষ্টভাবে দেয়া হয়। চাকরি, স্থান বা মালিক বদল করলেই আকামা বদলি করতে হয়। আকামা বদলি করতে খুব বেশি টাকার দরকার পড়ে না। কিন্তু প্রতি বছর আকামা নবায়নে সৌদি আরবে কর্মরত প্রবাসীদের অনেক অর্থ ব্যয় করতে হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। তারা বলছেন, সৌদি আরবে বেআইনিভাবে অবস্থান করলে মোটা অঙ্কের জরিমানা করা হয়। এরপরও অনেকেই ১২-১৫ বছর দেশটিতে বিনা আকামায় বসবাস করছেন। তাদেরই মূলত ধরপাকড় করা হয়। শুধু তারাই নন অনেকে এখন ওমরা ভিসা নিয়ে দেশটিতে গিয়ে গোপনে কাজ শুরু করে দেয়। তারাও ফেরত আসার তালিকায় রয়েছেন। অনেকে আবার লাখ লাখ টাকা খরচ করে গিয়ে প্রতারিত হয়েছেন। কাজ পাননি। কাজ পেলেও বেতন পাননি। দালালের খপ্পরে পড়ে তারা ফ্রি ভিসায় দেশটিতে গিয়ে বিপদে পড়েন। উপায় না পেয়ে একপর্যায়ে তারা পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দেন। এরপর তারা সফর জেলে ১৫ দিন কখনো এক মাস জেল খাটা শেষ হলে এক্সিট পাস দিয়ে তাদের ঢাকার পথে উড়োজাহাজে তুলে দেয়া হয়। ওই সব প্রতারিত কর্মীর সংখ্যাই এখন দিন দিন বাড়ছে। বর্তমানে সৌদি আরবের কারাগারগুলোতে সাত হাজারের বেশি শ্রমিক আটক আছেন। 
মালদ্বীপ প্রবাসী বাংলাদেশীদের মধ্যে অনেকেরই দিন কাটছে মানবেতরভাবে। এরমধ্যে চার-পাঁচ লাখ টাকা খরচ করে যাওয়ার পরও চুক্তি মোতাবেক কাজ পাচ্ছেন না অনেকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, এখন ওইসব প্রতারিত শ্রমিকরাই বলছেন, মালদ্বীপে কেউ আসতে চাইলে আগে শতবার চিন্তা করে যেন তারা এই দেশে আসার সিদ্ধান্ত নেন। বিশেষ করে রিসোর্টের কাজে দেয়ার নামে মালদ্বীপে কর্মীদের সাথে প্রতারণা বাড়ছে বেশি বেশি। 
মালদ্বীপ থেকে জনৈক বাংলাদেশী যুবক নিজের পরিচয় না দিয়ে ফেসবুকে এক ভিডিওর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে বলেন,  আমার মতো কেউ যাতে মালদ্বীপ এসে প্রতারিত না হয়। আমাকে ৪০০ ডলার বেতনের কথা বলে ছয় লাখ টাকা নিয়ে আমাকে মালদ্বীপ এনেছি। দুই মাস পর আমাকে আইডি কার্ড দিছে। পাঁচ মাস পর আমার খাবার বন্ধ কইর‌্যা দিছে। ছয় মাসের মাথায় আমি একটি কোম্পানিতে জব নিই। সেখানে দুই মাস যাবৎ কাজ করি। দুই মাস পর আমার কাজটাও চইল্যা যায়। এরপর আমি দুই দালালকে তিন হাজার রুপি করে ছয় হাজার রুপি দিছি। তারা রিসোর্টে কাজ দিবে বইল্যা। এখন পর্যন্ত কাজ দেয়নি। আমি এয়ারপোর্টে একটা কাজের জন্য তিন হাজার রুপি দিছি। এখন দালালরে ফোন দিছি। কিন্তু সেই দালাল আর ফোন ধরে না। ফোনই বন্ধ। মালদ্বীপের অবস্থা অনেক খারাপ। ডলারের সঙ্কট। মানুষ কষ্টে আছে। বাংলাদেশীরা কাজ করে কিন্তু বেতন পায় না। এই সময়ে যারা মালদ্বীপ আসবেন তারা এক শ’বার ভাববেন আগে। 
শুধু সৌদি আরব, মালদ্বীপ, কাতার কুয়েত নয় আশিয়ানভুক্ত দেশ মালয়েশিয়া ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে অনেক বৈধ শ্রমিক এখন প্রতারিত হয়ে পথে পথে ঘুরছেন। 
গতকাল একজন রিক্রুটিং এজেন্সির মালিক নয়া দিগন্তকে নাম না প্রকাশের শর্তে বলেন, আমাদের দেশ থেকে যেসব কর্মী বিদেশে যাচ্ছে তাদের বিষয়গুলো সঠিকভাবে যাচই-বাছাই করা হয় না। সর্বশেষ ধাপ হচ্ছে জনশক্তি কর্মসংস্থানও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন শাখা। এই শাখা থেকে বিদেশগামীদের বহির্গমন ছাড়পত্র দেয়ার আগে যদি সঠিকভাবে যাচাই-বাছাই করা হতো তাহলে লাখ লাখ টাকা খরচ করে বিদেশে গিয়ে বাংলাদেশী শ্রমিকরা প্রতারিত নিঃস্ব হতেন না। তাদের মতে, বিএমইটির বহির্গমন ছাড়পত্র ঘিরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের কাছে বিএমইটি জিম্মি হয়ে পড়েছে। যার কারণে অনেক খুটিনাটি ভুলভ্রান্তি থাকার পরও বিএমইটির বহির্গমন শাখার পরিচালক ও তার অধীনস্থ কর্মকর্তারা টাকা নিয়ে সাক্ষাৎকার ছাড়াই বহির্গমন ছাড়পত্র দিচ্ছেন। এসব শ্রমিকরাই পরে বিদেশে গিয়ে সমস্যায় পড়ছেন। একপর্যায়ে তাদের দেশে ফেরত আসতে হচ্ছে। বিনিময়ে এসব কর্মকর্তারা নানাভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছেন। এসব বিষয়গুলোকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখেও না দেখার ভান করে আছেন বলে ভুক্তভোগী যাত্রী ও তাদের পরিবারের অভিযোগ। এসব বিষয়ে বক্তব্য নিতে গতকাল রোববার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু তিনি বরাবরের মতো সাড়া দেননি।