প্রশিক্ষণ নিতে ৩৪ উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তানে গেছেন

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

বাংলাদেশ সিভিল সার্ভিসের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবসহ উচ্চপদস্থ ৩৪ জন কর্মকর্তা গতকাল রোববার পাকিস্তানের লাহোরে অবস্থিত ‘ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসি’তে (এনএসপিপি) দুই সপ্তাহব্যাপী এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণের উদ্দেশ্যে পাকিস্তানের পথে রওনা হয়েছেন। প্রতিনিধিদলকে বিদায় জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
এর আগে,  এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সম্মানে একটি নৈশভোজে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এই কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি জনপ্রশাসনের ক্ষেত্রে ঘনিষ্ঠ সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তান ও বাংলাদেশের নেতৃত্বের দূরদর্শী চিন্তা ও অঙ্গীকারের ওপর আলোকপাত করেন। তিনি দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের কথা উল্লেখ করেন এবং শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল শাসনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার ওপর জোর দেন।
২০২৫ সালের আগস্ট মাসে ঢাকায় সফরকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দার ঘোষিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’-এর প্রসঙ্গ টেনে হাইকমিশনার জানান যে, ২০২৬ সালে ১৭০ জন বাংলাদেশী শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন এবং আরো ২০ জন শিক্ষার্থী শিগগিরই সেখানে যোগ দেবেন। তিনি আরো উল্লেখ করেন যে, চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশী জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের প্রথম ব্যাচের ১২ জন সদস্য সফলভাবে এই ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’ সম্পন্ন করেছেন। বর্তমান প্রতিনিধিদলটি এই উদ্যোগের দ্বিতীয় ব্যাচ, যা দুই দেশের ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিক সহযোগিতার প্রতিফলন।