ফিনল্যান্ডে নিখোঁজের ২৪ দিন পর বাংলাদেশী নাফিসের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

Advertisement

ফিনল্যান্ডে নিখোঁজের ২৪ দিন পর বাংলাদেশী নাগরিক নাফিস ইস্কান্দারের লাশ উদ্ধার করেছে সে দেশের পুলিশ। গত শনিবার দেশটির হ্যামেনলিন্না শহরে মহাসড়কের পাশে দুর্ঘটনাকবলিত একটি গাড়ির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নাফিস ইস্কান্দার ইসলামী ব্যাংকের সাবেক ইসি চেয়ারম্যান ও গিন্ত মিডিয়া করপোরেশনের ব্যবস্থাপনা  কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী খানের একমাত্র ছেলে এবং বিএনপি নেতা তাবিথ আউয়ালের ভগ্নিপতি। 
জানা গেছে, গাড়িটি কয়েক দিন ধরে সেখানে পড়ে থাকলেও দুর্ঘটনার বিষয়টি কারো নজরে আসেনি। এর আগে গত ১২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন নাফিস। তাকে খুঁজে পেতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল ফিনল্যান্ডের পুলিশ।
এমনকি বিষয়টি নিয়ে দেশটির সংবাদমাধ্যম এমটিভি উতিসেত ও টাম্পেরে টুডে প্রতিবেদনও প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রায় ৫০ বছর বয়সী নাফিসকে সর্বশেষ ১২ অক্টোবর বেলা ৩টার দিকে টাম্পেরে শহরে দেখা গিয়েছিল। বাংলাদেশী কমিউনিটির সদস্যদের দেয়া তথ্য অনুযায়ী, নাফিস টাম্পেরে থেকে হেলসিঙ্কির উদ্দেশে রওনা হয়েছিলেন। হ্যামেনলিন্না এলাকা অতিক্রম করার পর থেকে তার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানা যায়। তবে এই যাত্রাপথের বিস্তারিত তথ্য পুলিশের প্রকাশিত বিবরণ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের দেয়া বর্ণনায় বলা হয়েছে, নিখোঁজ হওয়ার সময় নাফিসের উচ্চতা ছিল প্রায় ১৫৬ সেন্টিমিটার। তার মাথায় চুল ছিল না এবং মুখে ছিল ঘন দাড়ি। ওই সময় তার পরনে ক্রিম বা হালকা বাদামি রঙের হুডি এবং পিঠে একটি কালো ব্যাকপ্যাক থাকতে পারে বলে জানিয়েছিল পুলিশ। নাফিস কালো রঙের একটি অডি এ৭ (অঁফর অ৭) গাড়ি ব্যবহার করতেন বলে ধারণা করা হয়। যার নিবন্ধন নম্বর ছিল ঊঙঐ-৭৩৮।
পুলিশ জানিয়েছিল, নিখোঁজ ব্যক্তি হেলসিঙ্কি ও হামে অঞ্চলে চলাচল করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে তিনি ফিনল্যান্ডের যেকোনো স্থানে থাকতে পারেন বলেও আশঙ্কা করেছিল পুলিশ। সে সময় এ ঘটনায় কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করছিল না আইনশৃঙ্খলা বাহিনী। এ দিকে নাফিসের সন্ধান পেতে ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির সদস্যদের পাশাপাশি দেশটির সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল পুলিশ। বিশেষ করে ট্যাক্সিচালক ও খাবার সরবরাহের কাজে নিয়োজিত ব্যক্তিদের চলাচলের সময় নাফিস কিংবা তার গাড়ি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করা হয়নি।