ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করেছে বিএনপি। গতকাল রোববার দলের দফতর সম্পাদক মুনির হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
পুনর্গঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আনম সাইফুল ইসলামকে।
গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি গঠনের পর ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পূনর্গঠিত করল বিএনপি। উত্তরের আহ্বায়ক হয়েছেন ঢাকা সিটি করপোরেশন উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে।
উত্তর যুবদলের নতুন কমিটি : এ দিকে যুবদল ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্যসচিব করা হয়েছে। রোববার বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল ঢাকা মহানগর উত্তরের দুই সদস্যবিশিষ্ট এই আংশিক আহ্বায়ক কমিটি আপাতত গঠন করা হয়েছে। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।