শুধু স্বল্প ব্যয়ের শ্রমে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সম্ভব নয় : ইউজিসি চেয়ারম্যান

 নয়া দিগন্ত ডেস্ক
শুধু স্বল্প ব্যয়ের শ্রমনির্ভর অর্থনীতি দিয়ে ট্রিলিয়ন ডলারের লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে উচ্চমূল্যের প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ ও উদ্ভাবনে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বিশ^বিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণার পরিবেশ গড়ে তুলতে হবে। গতকাল রোববার আন্তর্জাতিক ইসলামী বিশ^বিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তর জাতীয় উদ্ভাবনী নীতির মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। এ জন্য আইসিটি, ওষুধশিল্প, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল ও জীবপ্রযুক্তির মতো উচ্চমূল্যের খাতের বিকাশে গুরুত্ব দিতে হবে। জ্ঞানভিত্তিক অর্থনীতির বাস্তুতন্ত্র গড়ে তুলতে শিল্প ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে ইউজিসি প্রতিশ্রুতিবদ্ধ।
আইআইইউসির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ বিশ^বিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করেছে। ‘ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক এ সম্মেলনের আন্তর্জাতিক অংশীদার মালয়েশিয়ার ইউনিভার্সিটি সেইন্স ইসলাম মালয়েশিয়া (ইউসিম) এবং কারিগরি পৃষ্ঠপোষক আই ট্রিপল ই বাংলাদেশ সেকশন।
আইআইইউসির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন- নেপালের কাঠমান্ডু বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. সুদান ঝা, মালয়েশিয়ার ইউসিমের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডেপুটি ডিন অধ্যাপক ড. আজনি হাসলিজান বিনতি আব হালিম, আই ট্রিপল ই বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. এম ইমামুল হাসান ভূঁইয়া এবং সম্মেলনের টেকনিক্যাল চেয়ার অধ্যাপক ড. মশিউর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- আইআইইউসির প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইঞ্জিনিয়ার মো: রাজু আহমেদ এবং সম্মেলনের টেকনিক্যাল সেক্রেটারি অধ্যাপক ড. সিকদার সানবিম ইসলাম। স্বাগত বক্তব্য দেন সম্মেলনের অর্গানাইজিং চেয়ার অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম।
আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এ সম্মেলনে ২০টি দেশের ৯৪টি বিশ^বিদ্যালয়ের গবেষক, শিক্ষাবিদ ও পণ্ডিতেরা অংশ নিচ্ছেন। এতে বাংলাদেশের ২৫টি সরকারি, ৩৪টি বেসরকারি এবং ৩৫টি বিদেশী বিশ^বিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। সম্মেলনে জমা পড়া ৮১২টি গবেষণাপত্রের মধ্য থেকে অ্যাকাডেমিক যাচাই-বাছাই শেষে ১৮৮টি প্রবন্ধ উপস্থাপনের জন্য নির্বাচিত হয়েছে। এ ছাড়া ১১টি মূল প্রবন্ধ এবং ১০টি আমন্ত্রিত বক্তার প্রবন্ধ উপস্থাপন করা হবে।

Advertisement