
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান শহরের কাছে কসাইপাড়া এলাকায় পাহাড়ি ঝিরি থেকে মো: শরীফ (৩৩) নামের এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা স্থানীয়দের সহায়তায় পাহাড়ি ঝিরির গভীর খাদ থেকে লাশটি উদ্ধার করে। লাশের মাথায় ও গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। তাকে পিটিয়ে বা পাহাড় থেকে ঝিরিতে ফেলে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। লাশের পরনে থাকা প্যান্ট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে মাদকসংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। নিহত মো: শরীফ শহরের কাছে মেঘলা পর্যটন এলাকার ভান্ডারী পাড়ার মো: জহিরের ছেলে।
তিনি বান্দরবান পৌর যুবদলের যুগ্ম সম্পাদক বলে জানা গেছে। বান্দরবান সদর থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ পারভেজ জানিয়েছেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং লাশের সুরত হাল করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা পুলিশ খতিয়ে দেখছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








