৭ম গোল্ড জাতীয় বিতর্কে জাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ঢাবি

রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজিত ৭ম গোল্ড জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিতর্ক দল ‘সংশপ্তক’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিতর্ক দল ‘অপরাজেয় বাংলা’।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। গ্রুপ অব লিবারেল ডিবেটার্স (গোল্ড) বাংলাদেশের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার ফাইনালে দুই বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল মুখোমুখি হয়। চ্যাম্পিয়ন ‘অপরাজেয় বাংলা’ দলের সদস্যরা হলেন- সাজিদ মাহমুদ, উম্মে সোহালা ও মিফতাহুল জান্নাত।