উত্তরায় হোটেলের পাঁচ তলা থেকে পড়ে এক তরুণের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেলের পাঁচ তলা থেকে নিচে পড়ে মাহমুদুল হাসান সিয়াম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উত্তরা মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
বিমানবন্দর থানার এস আই মো: আলমগীর হোসাইন জানান, উত্তরা ১নং সেক্টরের ৯নং রোডের আবাসিক হোটেল অ্যাম্বাসেডর পাঁচতালা ভবনের ৫০২ নম্বর কক্ষে গত পাঁচদিন যাবৎ ভাড়া নিয়ে মোবাইল ইউটিউবে মডেলিংয়ের কাজ করেন। শনিবার সন্ধ্যায় তার নিজরুমে পশ্চিম পাশের থাই গ্লাসের গ্রিল বিহীন জানালায় পাশেই মোবাইলে সেলফি তুলতে গিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে বন্ধুরা উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরো বলেন, আমরা খবর পেয়ে শনিবার রাতে বারোটার দিকে উত্তরার এক নম্বর সেক্টর ৯নং রোডে মহিলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ওই তরুণের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন বন্ধুকে আটক করা হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বালা বাড়ি গ্রামে। তার বাবার নাম সেলিম মিয়া।