
নয়া দিগন্ত ডেস্ক
কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত ও তিনজন আহত হয়েছে। এ ছাড়া পটুয়াখালীর কুয়াকাটায় ঘুরতে যেয়ে ভ্যান উল্টে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার চিকিৎসক স্বামী।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু ও মোটরসাইকেল আরোহী নিহত এবং তিনজন আহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান (৬৫) সাতকানিয়া উপজেলার ছদাহ ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার মৃত আবুল খায়েরের ছেলে। নিহত অপরজন আরহাম (২ মাস) হারবাং ইউনিয়নের গয়াল মারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে। আহতরা হলেন- একই এলাকার লাকী আক্তার (২৫), জাফর আলম (৪৫) ও বোরহান উদ্দিনের স্ত্রী লাকী (৩৫)।
স্থানীয়রা জানান, মহাসড়ক দিয়ে আজিজনগর থেকে সাতকানিয়া যাওয়ার পথে মালবাহী একটি ট্রাক মাহবুবুর রহমানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দিকে দুপুর ১২টার দিকে চকরিয়া সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মহাসড়কের গয়ালমারা এলাকায় ট্রাকের ধাক্কায় টমটম থেকে ছিটকে পড়ে শিশু আরহাম ঘটনাস্থলেই মারা যায়।
কুয়াকাটায় নারী চিকিৎসক নিহত
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা জানান, সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকবাহী ইঞ্জিনচালিত ভ্যান উল্টে নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চিকিৎসক। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটার মিশ্রিপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। আর আহত ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কর্মরত আছেন। তিনি নিজেকে নিহতের স্বামী বলে জানিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








