ডুয়েটে ৩৬টি গবেষণা প্রকল্পে আর্থিক বরাদ্দ

গাজীপুর মহানগর প্রতিনিধি

গবেষণা ও উদ্ভাবনে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (ডুয়েট) গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও আন্তর্জাতিক অবস্থান নির্ধারণে মানসম্মত গবেষণা, গবেষণার প্রকাশনা ও উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গবেষণা কার্যক্রমকে আরো বিস্তৃত ও আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমান করতে শিক্ষক-গবেষকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
রোববার  গাজীপুরে ডুয়েটের শহীদ আহসান উল্লাহ মাস্টার প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে আয়োজিত রিসার্চ প্রজেক্ট অ্যাওয়ার্ডিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) দফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে   ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য মোট ৩৬টি গবেষণা প্রকল্পের আর্থিক বরাদ্দ ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকার্যক্রম নিয়ে প্রকাশিত ‘অ্যানুয়াল রিসার্চ হাইলাইটস’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে ২০২৫-২০২৬ অর্থবছরে সমাপ্ত গবেষণা প্রকল্পগুলোর সারসংক্ষেপ এবং শিক্ষকদের প্রকাশিত গবেষণা প্রবন্ধের তালিকা সঙ্কলিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা। তিনি গবেষণাকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক অগ্রগতির অন্যতম ভিত্তি উল্লেখ করে বরাদ্দের যথাযথ ব্যবহার, মানসম্মত ফলাফল অর্জন এবং গবেষণালব্ধ জ্ঞান ও উদ্ভাবন বাস্তবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মো: আনোয়ারুল আবেদীন। স্বাগত বক্তব্য দেন দফতরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শাহজালাল খন্দকার। এ সময় অধ্যাপক আনোয়ারুল আবেদীন প্রকল্প পরিচালকদের জন্য গবেষণা প্রকল্পের গাইডলাইন নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক এবং বরাদ্দপ্রাপ্ত গবেষণা প্রকল্পের প্রকল্প পরিচালক ও সহযোগী পরিচালকরা উপস্থিত ছিলেন।