
গাজীপুর মহানগর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। গত শনিবার পৃথক আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পতাকা উত্তোলন, র্যালি ও বিশেষ দোয়াসহ বিভিন্ন আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে বিকেলে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্যের গুরুত্ব অপরিসীম। দেশ গঠনে মেধা ও সততা নিয়ে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
একই দিনে ডুয়েটে জাতীয় পতাকা উত্তোলন, সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল তার বক্তব্যে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে ডুয়েট প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করেন। এ দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) জাতীয় পতাকা উত্তোলন, সংক্ষিপ্ত আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ব্রির মহাপরিচালক ড. মো: রফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। তিন প্রতিষ্ঠানের এসব কর্মসূচিতে জাতীয় সঙ্কট মোকাবেলায় দেশপ্রেম ও ঐক্যবদ্ধ দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








