আতঙ্ক সৃষ্টি করতেই ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়া হচ্ছে : ডিএমপি

 নিজস্ব প্রতিবেদক

জনমনে আতঙ্ক সৃষ্টি করতে একটি গ্রুপ পরিকল্পিতভাবে রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিচ্ছে। প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এরই মধ্যে এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন-অঙ্গ সংগঠনের সদস্যরা রয়েছে। 
গতকাল রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন। তিনি বলেন, এই সমস্ত কার্যক্রম দেখে যেটি বোঝা যায় যে, একটি গ্রুপ নাশকতার উদ্দেশ্যে এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কাজগুলো করছে। বিষয়গুলো নিয়ে বিস্তারিত তদন্ত চলছে, গোয়েন্দা   নজরদারি অব্যাহত আছে। গোয়েন্দা সংস্থাগুলোর তদন্ত রিপোর্টের সাথে সমন্বয় করে আমাদের পুলিশ মোতায়েন করা আছে এবং আমাদের অপারেশনাল কার্যক্রম চলমান।
তিনি আরো বলেন, জননিরাপত্তার জন্য এবং যেন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হয়, সেই ব্যাপারে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের টহল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। ককটেল তৈরির উপাদানগুলো কোথায় বানানো হচ্ছে, কারা করছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও কিন্তু ডিবি এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করেছে এবং বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে। সুতরাং সব বিষয়ে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
গাড়িতে আগুনের ঘটনায় জ্বালানি সংগ্রহের বিষয় ও পেট্রল পাম্প মালিকদের সতর্ক করার বিষয়ে জানতে চাইলে আকতার হোসেন বলেন, যেকোনো পদার্থ বিভিন্ন কারণে ব্যবহৃত হতে পারে। আমরা খেয়াল রাখছি যে, নাশকতার উদ্দেশ্যে কোনো জায়গায় ক্রয়-বিক্রয় হচ্ছে কিনা। সে ব্যাপারে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা এগুলো মনিটরিং করছি। এখন যেহেতু সিসিটিভি ফুটেজে সবকিছু পর্যালোচনা করা যায়, আমরা সিসিটিভি ফুটেজও পর্যবেক্ষণ ও পর্যালোচনা করছি।