জিয়াউর রহমানই ৭ নভেম্বর স্বাধীনতা রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অরক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন।
শনিবার রাতে অফিসার্স ক্লাব ঢাকা আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর দেশের মানুষের স্বপ্ন ও প্রত্যাশা পূরণ হয়নি। একদলীয় শাসনব্যবস্থার কারণে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি ও রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। জাতির মধ্যে জমে উঠেছিল ক্ষোভ। এমন সঙ্কটময় পরিস্থিতিতে ভূরাজনৈতিক ষড়যন্ত্র নস্যাৎ করে সিপাহি-জনতা জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশের নেতৃত্বের দায়িত্ব দিয়েছিল।
তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতার মোহে কিংবা নিজের উদ্যোগে ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ঘটাননি; বরং জাতির প্রয়োজনে জনগণই তাকে নেতা হিসেবে বেছে নিয়েছিল। তার নেতৃত্বে বাংলাদেশ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বহুদলীয় গণতন্ত্র, সমসাময়িক অর্থনীতি ও অন্তর্ভুক্তিমূলক সংবিধানের পথে এগিয়ে যায়। এর মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদের শক্ত ভিত্তি তৈরি করা হয়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ৭ নভেম্বর কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক সম্পত্তি নয়। এটি বাংলাদেশী জাতীয়তাবাদ ও সর্বস্তরের মুক্তিকামী মানুষের চিরন্তন ও সার্বজনীন অর্জন। ১৮৫৭ সালে  ব্রিটিশরা যেটিকে সিপাহি বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেছিল, সেটি ছিল মূলত উপমহাদেশের প্রথম স্বাধীনতাযুদ্ধ। সেই বিপ্লব ব্যর্থ হলেও ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব সফল হয়েছিল। সে দিনের বিপ্লব সফল না হলে বাংলাদেশ দীর্ঘ সময়ের জন্য পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে পারত।
জুলাই গণ-অভ্যুত্থান ও ২০২৪ সালের রাজনৈতিক চেতনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান এক দিনে গড়ে ওঠেনি। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বহু মানুষের আত্মত্যাগ, রক্ত, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এ অর্জন এসেছে। তাই কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাজনৈতিক শক্তির এককভাবে এ অর্জনের মালিকানা দাবি করা সমীচীন নয়। এই চেতনা সমগ্র জাতির।
সিভিল সার্ভিসের কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণের সেবা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রভাব ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে প্রজাতন্ত্রের সেবা এবং জনগণের ম্যান্ডেট-প্রাপ্ত নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সরকারি কর্মচারীদের মৌলিক দায়িত্ব হলো বেআইনি আদেশ প্রত্যাখ্যান করে নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনকালীন দায়িত্ব পালন করা।
নিজেকে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক অংশীদার ও প্রাক্তন সরকারি কর্মকর্তা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি এ পরিবারেরই একজন সদস্য। অতীতে রাজনৈতিক চাপ, লোভ কিংবা ভীতির কারণে সিভিল সার্ভিসের একাংশ ভোটারবিহীন ও রাতের ভোটের নির্বাচন আয়োজনে সহায়তা করেছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর চরম মূল্য দিতে হয়েছে সিভিল প্রশাসনকে।
ভবিষ্যতে যাতে রাজনৈতিক উদ্দেশ্যে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা কিংবা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে প্রশাসনকে ব্যবহার করা না হয়, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। একই সাথে এ ধরনের কলঙ্কজনক ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটানোর আহ্বান জানান।
অফিসার্স ক্লাব ঢাকার সভাপতি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অফিসার্স ক্লাব ঢাকার কোষাধ্যক্ষ ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক সচিব ও ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক মসিউর রহমান, সাবেক সচিব এস এম জহিরুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব মাসুদ আলমগীর হোসেন (নোবেল)। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অফিসার্স ক্লাব ঢাকার সহসভাপতি এম এ রাজেক।