
নয়া দিগন্ত ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় গতকাল সন্ধ্যার পর ১০টির মতো ককটেল বিস্ফোরণ হয়েছে। এর মধ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। পরে তাদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনেও একটি ককটেল বিস্ফোরিত হয়।
এ ব্যাপারে ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বলেন, সঙ্ঘবদ্ধভাবে আট থেকে ৯টা ককটেল ফোটানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের গেটে, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝখানের রাস্তায় ককটেলগুলো বিস্ফোরিত হয়েছে। সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে এসব ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই ব্যক্তি। মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পরে আরো একজনকে আটক করা হয়।
আটকরা হলেন- রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাদের মধ্যে রেজাউলের বাড়ি নাটোরে, সোহেলের বাড়ি রাজশাহীতে এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








