
ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় ও আন্তর্জাতিক যোগাযোগ জোরদারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। গতকাল ‘৪র্থ ট্রান্স-হিমালয় কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কনফারেন্স’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
ড. রাশেদ আল মাহমুদ বলেন, অপপ্রচার ও মিথ্যা তথ্যের এই সময়ে বস্তুনিষ্ঠ জ্ঞান বিনিময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞান বিনিময়ের অর্থ কেবল প্রতিবেদন প্রকাশ নয়, বরং এর মূল ভিত্তি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। উন্নয়ন, অর্থনীতি ও সাংস্কৃতিক বিকাশে গবেষণার সঠিক প্রয়োগে বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাবি ভিসি বলেন, আন্তর্জাতিক অংশীদারত্ব কেবল সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ না রেখে যৌথ গবেষণা, পাঠদান ও নিবন্ধ প্রকাশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তথ্যনির্ভর যৌথ গবেষণা, সাহিত্য অনুবাদ ও সাংবাদিকতার নতুন ক্ষেত্র তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোর একসাথে কাজ করা জরুরি। জলবায়ু পরিবর্তন, পানি ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যের মতো বৈশ্বিক সমস্যা মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা এবং তরুণ প্রজন্মকে নীতি নির্ধারণে যুক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
ঢাবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চীনের ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. হু জুন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং নেপালের হিমালয় টেলিভিশনের সিইও শ্যাম কাদেল। এতে স্বাগত বক্তব্য দেন প্যান-হিমালয়ান কমিউনিকেশন রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. হান হং।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের তিনটি বিভাগ, চীনের ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়, চীনের কংবা টিভি এবং নেপালের হিমালয় টেলিভিশন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








