শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন করাবেন শাহজাহান চৌধুরী এমপি
লোহাগাড়ায় হিস্ট্রি অলিম্পিয়াড-২৬ এর বিজযীদের মধ্যে পুরস্কার তুলে দেন শাহজাহান চৌধুরী : নয়া দিগন্ত।

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

নিজ নির্বাচনী এলাকার খুদে শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন দেখানোর ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, আমি আমার এলাকার খুদে শিক্ষার্থীদের ভাগ ভাগ করে সংসদ ভবন দেখাতে চাই। লুইকান কত নিখুঁতভাবে এই বিশাল ভবন নির্মাণ করেছেন এবং এখানে যা কিছু আছে তা দেখলে ছাত্রছাত্রীরা নতুনভাবে কৌতূহলি হবেন। তাদের মানসিক উৎকর্ষতা ও আগামীর স্বপ্নের বাংলাদেশ গড়তে নিজেকে তৈরি করার জন্য উৎসাহিত হবেন। আমার নির্বাচনী এলাকা সাতকানিয়া-লোহাগাড়ার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০ জন করে শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পাবে। শিগগিরই এটি শুরু হবে- ইনশাআল্লাহ। তিনি স্টুডেন্ট ওয়েলফার ক্লাবের উদ্যোগে হিস্ট্রি অলিম্পিয়াড-২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দেন। 
গত শনিবার লোহাগাড়ার আলহাজ মোস্তাফিজুর রহমান কলেজ মিলনায়তনে আনিসুর রহমানের সভাপতিত্বে ও আজাদ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ  ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনূস, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার আরফাত হোছাইন বিপ্লব, এফডিইবির কেন্দ্রীয় সেক্রেটারি প্রকৌশলী জয়নুল আবেদীন,  হক্ব হজ কাফেলার চেয়ারম্যান মাহমুদুল হক পেয়ারু, প্রচ্ছদ প্রকাশনীর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবু সুফিয়ান ও সাবেক ছাত্রনেতা আসিফুল্লাহ মো: আরমান প্রমুখ। আরো উপস্থিত ছিলেন- স্টুডেন্ট ওয়েলফেয়ার ক্লাবের সভাপতি আবরার হোছাইন সাঈদী, তরুণ উদ্যোক্তা মুহাম্মদ আবু ছিদ্দিক, এনসিপি নেতা জহির উদ্দিন, রিদওয়ান আর রায়হানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।