দেশকে কারো সেবাদাস হতে দেয়া যাবে না : রুহুল কবির রিজভী
গাজীপুরের কালীগঞ্জে সমবায় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী : নয়া দিগন্ত।

 নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ’২৪-এর গণ-অভ্যুত্থানে নিহতদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। গণ-অভ্যুত্থানের আগে দেশে ১৭ বছর ফ্যাসিবাদী শাসন চলেছে। এ সময়ে গুম, খুন ও গুপ্তহত্যার মাধ্যমে রাষ্ট্রকে নিপীড়নের হাতিয়ারে পরিণত করা হয়েছিল। এই দেশকে কারো সেবাদাস হতে দেয়া যাবে না। গতকাল রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী ওলামা দল এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ দেশের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন উল্লেখ করে রিজভী বলেন, এটি অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণের জেগে ওঠা এবং ঐক্যবদ্ধ প্রতিরোধের প্রতীক। ২০২৪ সালের ৫ আগস্টের পেছনে প্রেরণা ছিল ৭ নভেম্বর। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও পরবর্তীতে যারা ক্ষমতায় এসেছিলেন, তারা দেশের স্বাধীনতাকে  অন্য একটি দেশের কাছে বিক্রি করে দিয়েছিলেন। তখন যারা প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি বলে প্রতিবাদ করেছিলেন তাদেরকে রক্ষী বাহিনী গঠন করে হত্যা করা হয়েছিল। তিনি বলেন, ১৯৭৫ সালে ক্ষমতা পাকাপোক্ত করতে সব রাজনৈতিক দল ও সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছিল। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেয়া হয়েছিল। 
এমন পরিস্থিতিতে জনগণ ও সৈনিকরা রাস্তায় নেমে আসে। ৭ নভেম্বর ছিল সৈনিক-জনতার এক অভূতপূর্ব বিপ্লব, যা বাকশাল পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টা নস্যাৎ করে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের সমর্থনে নেতৃত্ব গ্রহণ করে দেশে রাজনৈতিক বহুত্ববাদ ও গণতান্ত্রিক অংশগ্রহণের পথ উন্মুক্ত করেন। তার সময়ে অসংখ্য টেলিভিশন ও সংবাদপত্র চালু হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল আবার রাজনীতি করার সুযোগ পায়।
রিজভী বলেন, দেশের জনগণ ও জাতীয়তাবাদী শক্তি ৭ নভেম্বরের চেতনা নিয়ে এখনো নির্ভীক ও অতন্দ্রভাবে জেগে আছে। এই দেশকে কারো সেবাদাস হতে দেয়া যাবে না। তিনি বলেন, বিএনপির রাজনীতি সহজ-সরল পথের রাজনীতি, সিরাতুল মুস্তাকিমের রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের অঙ্গীকার কখনো ভঙ্গ করেননি। 
প্রধানমন্ত্রী তারেক রহমানও তার প্রতিশ্রুতি থেকে সরে আসেননি। তবে কিছু রাজনৈতিক দল ইসলামের নামে রাজনীতি করলেও কথায় কথায় প্রতিশ্রুতি ভঙ্গ করে। অনুষ্ঠানে বিএনপি ও জাতীয়তাবাদী ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় রুহুল কবির রিজভী মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআন শরিফসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন।