
সান নিউজ এজেন্সি
ইসরাইলি কারাগারের বন্দিদশা, প্রতিকূল পরিবেশ ও নানা সীমাবদ্ধতার মধ্যেও পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ১৯ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী জানা ইহসান আবু ওয়ারদা। শুধু কুরআন হিফজ করেই থেমে থাকেননি তিনি; শুনানিতেও এক বৈঠকে পুরো কুরআন মুখস্থ তেলাওয়াত করে উপস্থিত ব্যক্তিদের বিস্মিত করেছেন।
ফিলিস্তিনের বন্দিবিষয়ক সংবাদমাধ্যম ‘প্রিজনার্স মিডিয়া অফিস’ বা ‘মাকতাব আল-ইলাম আল-আসরা’ জানিয়েছে, জানা আবু ওয়ারদা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ইসরাইলি বাহিনীর হাতে গ্রেফতার হন। বর্তমানে তিনি ইসরাইলের ড্যামন কারাগারে বন্দী রয়েছেন।
গ্রেফতারের আগে জানার পবিত্র কুরআনের প্রায় ২০ পারা মুখস্থ করা ছিল। কারাগারে বন্দী থাকার সময় বাকি অংশ মুখস্থ করে সম্পূর্ণ কুরআনের হাফেজা হন তিনি। সম্প্রতি আদালতে শুনানির সময় উপস্থিত ব্যক্তিদের জানান, তিনি এক বৈঠকেই সম্পূর্ণ কুরআন মুখস্থ তেলাওয়াত করেছেন।
জানা শুধু নিজের হিফজ সম্পন্ন করেই ক্ষান্ত হননি। কারাগারে অন্য নারী বন্দীদেরও কুরআন ও হাদিস শিক্ষা দিচ্ছেন। বন্দিত্বের মধ্যেও সহবন্দীদের মধ্যে জ্ঞানচর্চা ও ধর্মীয় শিক্ষার আগ্রহ ছড়িয়ে দিচ্ছেন এই তরুণী। জানা আবু ওয়ারদা ফিলিস্তিনের হেবরন এলাকার বাসিন্দা। তিনি জাহিরিয়া কলেজে শরিয়াহ বিষয়ে পড়াশোনা করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








