সুদানের গৃহযুদ্ধে আমিরাতের ভাড়াটে সেনা

মিডল ইস্ট আই 
সুদানের চলমান গৃহযুদ্ধে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) পক্ষে লড়াইয়ের জন্য কলম্বিয়া থেকে ভাড়াটে সেনা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসঙ্ঘের তদন্তকারীদের একটি গোপন নথিতে এর সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে। জানা গেছে, আমিরাত সংশ্লিষ্ট বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান ‘গ্লোবাল সিকিউরিটি সার্ভিসেস গ্রুপ’ (জিএসএসজি)-এর মাধ্যমে এই বিদেশী সেনাদল লিবিয়া, সোমালিয়া ও শাদ হয়ে সুদানে প্রবেশ করে। সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল পুন্টল্যান্ডের বসাসো শহরের একটি ঘাঁটি এই ট্রানজিট ও প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়েছে, যা আমিরাতি সামরিক বাহিনী অর্থায়ন ও তদারকি করে থাকে। আবুধাবি, ঘায়াথি, আল-ওয়াথবাহ এবং বসাসোর বিভিন্ন ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে এসব সেনাকে সরাসরি সুদানে মোতায়েন করা হয়।
দারফুর অঞ্চলে আরএসএফের সামরিক অভিযানে এই ভাড়াটে সেনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে উত্তর দারফুরের রাজধানী এল-ফাশেরের দীর্ঘ অবরোধ এবং শহরটির দখল নেয়ার অভিযানে তারা ড্রোন পরিচালনা, গোলন্দাজ সহায়তা ও পদাতিক যুদ্ধ পরিচালনা করেন।

Advertisement