নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিশ্রুতি ফরাসি প্রেসিডেন্ট প্রার্থীর

প্রেস টিভি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক  ফৌজদারি আদালতের (আইসিসি) জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছেন ফ্রান্সের বামপন্থী দল ‘ফ্রঁস আঁসুমি’ (এলএফআই)-র প্রেসিডেন্ট পদপ্রার্থী জঁ-লুক মেলঁশোঁ। গত শনিবার প্যারিসের উপকণ্ঠে ল্য বুরজেতে আয়োজিত এক বিশাল জনসভায় সমর্থকদের উদ্দেশে ৭৫ বছর বয়সী মেলঁশোঁ ঘোষণা দেন যে তাদের মূল লক্ষ্য বিদ্যমান সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো।
নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেঁধে দেয়া, ন্যূনতম মজুরি বাড়ানো, অবসরের বয়স পুনরায় ৬০ বছরে নামিয়ে আনা এবং ধনীদের ওপর কর বৃদ্ধির পরিকল্পনা ব্যক্ত করেন। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নেতানিয়াহুর পরোয়ানা কার্যকরের পাশাপাশি ফ্রান্সকে অনতিবিলম্বে ন্যাটো জোট থেকে বের করে নেয়ার ঘোষণা দেন তিনি। সম্প্রতি প্রকাশিত তার বই ‘দ্য কমন ফিউচার’-এর নতুন সংস্করণে অন্তর্ভুক্ত এক হাজারটি প্রতিশ্রুতির কথা উল্লেখ করে মেলঁশোঁ জানান, ২০২৭ সালের নির্বাচনে জয়ী হলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়াসহ ১৯৬১ সালের ১৭ অক্টোবর প্যারিসে পুলিশ কর্তৃক আলজেরীয় নাগরিকদের হত্যাকাণ্ডকে ‘রাষ্ট্রীয় অপরাধ’ হিসেবে স্বীকৃতি দেবে তার সরকার। বক্তব্যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর তীব্র সমালোচনা করে মেলঁশোঁ বলেন, ম্যাক্রোঁ এক ‘অন্ধকার সমাপ্তির’ মুখোমুখি দাঁড়িয়েছেন, যা পুলিশের বর্বরতা এবং গণবিক্ষোভ দমনে সহিংসতার মাধ্যমে চিহ্নিত হয়ে থাকবে। উল্লেখ্য, মরক্কোয় জন্ম নেয়া সাবেক এই শিক্ষক ২০২২ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছিলেন।

Advertisement

 

 

Advertisement