
ডোমার (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে মাত্র দুইজন করে শিক্ষক দিয়ে চলছে পাঠদান। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। শিক্ষক সঙ্কটে শিক্ষার্থীদের পাঠদান নিয়ে উদ্বেগে রয়েছেন অভিভাবকেরা। একই সাথে বিদ্যালয় দু’টিতে শিক্ষার্থীর উপস্থিতিও কমছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিদ্যালয় দু’টি হলো ভোগডাবুড়ী আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভোগডাবুড়ী পুষণাপাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরেজমিন জানা গেছে, ২০২৩ সাল থেকে বিদ্যালয় দু’টিতে মাত্র দু’জন করে শিক্ষক দিয়ে পাঠদান পরিচালিত হচ্ছে। এর মধ্যে একজন করে শিক্ষক ডেপুটেশনে দায়িত্ব পালন করছেন।
ভোগডাবুড়ী আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কারিমুল ইসলাম বলেন, ২০২৩ সাল থেকে দু’জন শিক্ষক দিয়ে পাঠদান চলছে। বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও নতুন শিক্ষক নিয়োগের পরও বিদ্যালয়ে কাউকে পদায়ন করা হয়নি। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
ভোগডাবুড়ী পুষণাপাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বলেন, বিদ্যালয়ে পাঁচজন সহকারী শিক্ষক ও একজন প্রধান শিক্ষকের পদ থাকলেও বর্তমানে নিয়মিত শিক্ষক রয়েছেন মাত্র দু’জন। ডেপুটেশনে থাকা শিক্ষকও আগামী ডিসেম্বরের মধ্যে চলে যাবেন। ফলে শিক্ষক সঙ্কট আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় অভিভাবকেরা জানান, সামনে বার্ষিক পরীক্ষা। পর্যাপ্ত শিক্ষক না থাকায় সন্তানদের পড়াশোনা ও পরীক্ষার ফলাফল নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান বলেন, বিদ্যালয় দু’টির শিক্ষক সঙ্কটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চিলাহাটি ক্লাস্টারে মোট ৪০ জন শিক্ষকের ঘাটতি রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি অবগত আছেন বলে জানান।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ডোমার উপজেলায় এবার মাত্র ১৮ জন শিক্ষক নিয়োগ পেয়েছেন। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক পদায়নের পর এ দু’টি বিদ্যালয়ে শিক্ষক দেওয়া সম্ভব হয়নি। তবে অন্য বিদ্যালয় থেকে ডেপুটেশনে শিক্ষক দেয়ার সুযোগ থাকলে প্রস্তাব পাঠাতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। জরুরি ভিত্তিতে শিক্ষক প্রয়োজন এমন বিদ্যালয়ে ডেপুটেশনে শিক্ষক দেয়ার ব্যবস্থা করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








