সংক্ষিপ্ত সংবাদ


১৯ বছর পর ফিরে পেলেন চাকরি

Advertisement

দীর্ঘ আইনি লড়াই ও অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে ১৯ বছর পর পুলিশের সাব-ইন্সপেক্টর পদে চাকরি ফিরে পেয়েছেন দাউদকান্দি উপজেলার ষোলপাড়া গ্রামের মিরাজ উদ্দিন সরকার। তৎকালীন সরকার রাজনৈতিক কারণে মিরাজসহ শত শত তরুণের নিয়োগ স্থগিত করায় তারা দীর্ঘদিন চাকরি থেকে বঞ্চিত ছিলেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ায় সত্যের জয় হওয়ায় এবং সফলভাবে ট্রেনিং ও আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে মিরাজ নিজ বাড়িতে পৌঁছলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর আনন্দের ও উৎসবের আমেজ তৈরি হয়। চাকরির সুসংবাদে তার মা রহিমা বেগমের মুখে আনন্দের হাসি ফুটলেও ছেলে চাকরি ফিরে পাওয়ার আগেই বাবা মারা যান। যিনি একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন। ভগ্নিপতি আলমগীর হোসেন ও মিরাজ উদ্দিন বলেন, তার বাবা জীবিত অবস্থায় এই আনন্দ দেখে যেতে পারলে আত্মা শান্তি পেত। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা।


নরসিংদীতে নকল বিড়ি কারখানা

Advertisement

নরসিংদীর শিবপুরে একাধিক অবৈধ বিড়ি কারখানায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাবো বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরাসরি নেতৃত্ব দেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। এনএসআই এবং নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অংশগ্রহণে কামরাবো বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জানা গেছে, ওই এলাকায় কয়েকটি কারখানায় নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেয়া হচ্ছিল। নেপাল বণিক নামক ব্যক্তির মাধ্যমে চক্রটি পরিচালিত হতো। অভিযানে নকল ব্যান্ডরোল সরবরাহকারী নেপাল দত্ত (৬৯) ও কারখানা সংশ্লিষ্ট মো: রকিবকে (২৫) আটক করা হয়। জব্দ করা মালামালসহ আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। নরসিংদী প্রতিনিধি।

পাগলা কুকুরের কামড়ে আহত ৩১

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি উগ্র ও পাগলা কুকুরের বেপরোয়া কামড়ে শিশু ও নারীসহ অন্তত ৩১ জন সাধারণ মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় বেলকা ও শান্তিরাম ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের পর হঠাৎ করে একটি কুকুর লোকালয়ে প্রবেশ করে সামনে যাকে পেয়েছে, তাকেই এলোপাতাড়ি তেড়ে এসে কামড়াতে শুরু করে। বেলকা বাজার ও আশপাশের কয়েকটি গ্রামের পথচারী ও শিশুরা এর শিকার হন। আহতরা দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্কের ভ্যাকসিন গ্রহণ করেন। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে কুকুরটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখেন। ঘটনার পর প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে কুকুরের মাথা সংগ্রহের পর পরীক্ষার জন্য ল্যাবে পাঠিয়েছেন। সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা।
হাসপাতাল পরিদর্শনে বিশেষ সহকারী

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দীন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের শয্যার পাশে গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সরকারি ওষুধ ও চিকিৎসাসেবা ঠিকমতো পাচ্ছেন কি না, সে বিষয়ে সরাসরি কথা বলেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভেতরের পরিবেশ সরেজমিন পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান, ইউএনও রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।

বাজারে আসছে নতুন আলু

উত্তরবঙ্গের গ্রামবাংলার মানুষের শীতে পছন্দের খাবারের তালিকায় আগাম জাতের নতুন আলু অন্যতম। মৌসুমের শুরুতেই বাজারে নতুন আলু আসার খবরে ও ভালো দাম পাওয়ার আশায় নীলফামারী জেলার ডোমার উপজেলার কৃষকরা চরম ব্যস্ত সময় পার করছেন। সরেজমিন দেখা গেছে, প্রান্তিক কৃষকরা একটু বেশি মুনাফা অর্জনের আশায় কিছুটা ঝুঁকি নিয়েই আগাম জাতের আলু চাষ করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবং গাছের বৃদ্ধি ভালো হওয়ায় ফলন নিয়ে কৃষকদের মনে বড় প্রত্যাশা রয়েছে। চলতি বছর ফলন ভালো হলে বিগত বছরের লোকসান পুষিয়ে নেয়া সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করছেন। তবে আগাম আলু বাজারে আসার কারণে কৃষকদের ঘরে মজুদ থাকা পুরনো আলু কম দামে বিক্রি করতে হতে পারে- এই আশঙ্কায় কিছু কৃষক কিছুটা চিন্তিত রয়েছেন। পাইকারি বিক্রেতা রাশেদুল ইসলাম জানান, আগামী সপ্তাহের মধ্যেই নতুন আলু স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন শহরের বাজারে সরবরাহ শুরু হবে। ডোমার (নীলফামারী) সংবাদদাতা।

খালিয়াজুরীতে গাঁজাসহ গ্রেফতার ৩

নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে সদর ইউনিয়নের খালিয়াজুরী গ্রামের পুরান হাটি এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, পুরান হাটির মো: সাগর মিয়া (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছেন। এসআই আব্দুল করিম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযুক্ত আবু হানিফের (৫৫) বাড়িতে অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে সাগর মিয়া, আবু হানিফ ও শাহিনকে (১৯) বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করা হয়। খালিয়াজুরী থানার ওসি নাসির উদ্দীন জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে জেলা আদালতে পাঠানো হয়েছে। খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা।

পার্কিং করা বাসে আগুন

সাভারের ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কের আনন্দপুর এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গতকাল রোববার ভোরে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ বাসে আগুন জ্বলে উঠতে দেখে স্থানীয় লোকজন দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে বাসটির ভেতরের সমস্ত সিট, ডেকোরেশন ও অধিকাংশ বডি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে ভোরে ঘটনাটি ঘটায় বাসে কোনো যাত্রী বা চালক না থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সাভার ফায়ার সার্ভিসের পরিদর্শক মেহেরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনো দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে বাসে এই নাশকতা বা আগুন লাগিয়েছে। সাভার (ঢাকা) সংবাদদাতা।