৩ সন্তান নিয়ে অসহায় বিধবা খাদিজা, বন্ধ হওয়ার পথে ২ সন্তানের পড়াশোনা

মুহাম্মদ হানিফ ভূঁঁইয়া নোয়াখালী

Advertisement

স্বামীর মৃত্যুর পর তিন সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন নোয়াখালীর খাদিজা আক্তার। অভাবের কারণে বড় ছেলে সাজ্জাদুর রহমানের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। হিফজ বিভাগের ছাত্রী মেয়ে সাজেদা আক্তারের পড়াশোনাও বন্ধ হওয়ার উপক্রম। সংসারের দুবেলা খাবার জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে তাকে।
২০০৭ সালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের খাদিজার সাথে সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের জগতপুর গ্রামের মাওলানা আবদুর রহমানের বিয়ে হয়। ২০১৭ সালের ৩০ অক্টোবর স্ট্রোক করে মারা যান তার স্বামী। এরপর তিন সন্তানকে নিয়ে বিপাকে পড়েন খাদিজা। বসতভিটা ছাড়া তাদের আর কোনো সম্পদ নেই।
বড় ছেলে সাজ্জাদুর রহমান মাদরাসার সপ্তম শ্রেণীতে পড়ত। অর্থাভাবে তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। মেয়ে সাজেদা স্থানীয় ওদারহাট আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। আগে মাদরাসার আবাসিকে থেকে পড়াশোনা করত সে। মাসিক দুই হাজার টাকা খরচ বহন করতে না পারায় এখন বাড়ি থেকে যাতায়াত করে পড়াশোনা করছে। মাদরাসার বেতনও বকেয়া পড়েছে।
খাদিজা আক্তার বলেন, বসতভিটা ছাড়া তাদের কিছুই নেই। আত্মীয়স্বজন সাহায্য করলে খাবার জোটে, অন্যথায় অনাহারে থাকতে হয়। সংসারের খরচ চালাতেই যেখানে কষ্ট হচ্ছে, সেখানে সন্তানদের পড়াশোনার ব্যয় বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
তিন সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছেন এ বিধবা নারী। সন্তানদের পড়াশোনা ও পরিবারের ন্যূনতম চাহিদা পূরণে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তিনি।