
মো: আজিজুল হক গাজীপুর
গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে প্রথমবারের মতো জাপানের শ্রমবাজারে চাকরির সুযোগ পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চার সদস্য। জাপানের প্রতিষ্ঠান হিরাটা প্ল্যানিং কোম্পানি লিমিটেডের সাক্ষাৎকার ও দক্ষতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা চাকরির প্রস্তাব পেয়েছেন। বাহিনীর জাপানি ভাষা প্রশিক্ষণপ্রাপ্ত প্রথম ব্যাচ থেকেই তাদের নির্বাচন করা হয়েছে।
গত শনিবার সফিপুরের আনসার-ভিডিপি একাডেমিতে প্রতিষ্ঠানটির পরিচালক হিরাটা তোমোহিরো ও মার্কেটিং ম্যানেজার হাসেগাওয়া মিনোরুর নেতৃত্বে প্রতিনিধিদল নির্বাচনী সাক্ষাৎকার নেয়। এ সময় প্রার্থীদের কারিগরি জ্ঞান, জাপানি ভাষায় যোগাযোগের সক্ষমতা, শৃঙ্খলাবোধ ও কর্মদক্ষতা যাচাই করা হয়। তাদের প্রস্তুতিতে সন্তুষ্ট হয়ে তাৎক্ষণিকভাবে চারজনকে চাকরির প্রস্তাব দেন জাপানি প্রতিনিধিরা।
নির্বাচিত চারজন হলেন- ময়মনসিংহের হোসনে মোকাম্মেল জিহাদ, সাতক্ষীরার মো: ইমানুর রহমান খান, বগুড়ার মো: রিফাত আলী ও ফেনীর রফিকুল ইসলাম রবিন। তারা প্রত্যেকেই জাপানি ভাষার এন-৫ ও এন-৪ পর্যায়ে তিন মাস করে মোট ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের উদ্যোগে জাপানি ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। বর্তমানে একাডেমিতে জাপানি ভাষা শিক্ষা এবং মোটর ড্রাইভিং ও মেকানিকস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ চলছে।
বাহিনীর পরিকল্পনা অনুযায়ী, আগামী এক বছরে এক লাখ সদস্যকে বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাহিনীর নিজস্ব রিক্রুটিং প্রতিষ্ঠান প্রান্তিক শক্তি লিমিটেডের নামে সরকারি লাইসেন্স নেয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, চার সদস্যের চাকরির প্রস্তাব আন্তর্জাতিক শ্রমবাজারে আনসার সদস্যদের কর্মসংস্থানের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে চুক্তি, ভিসা ও জাপানে যাওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেই কেবল তাদের কর্মসংস্থান চূড়ান্ত হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








