রুহিয়ায় একই বাজারে মা-ছেলের নামে দু’টি টিসিবি ডিলারশিপ

রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা

Advertisement

ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার উত্তরা বাজারে একই পরিবারের মা ও ছেলের নামে দু’টি টিসিবি ডিলারশিপ অনুমোদন দেয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ডিলার নিয়োগে নীতিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
টিসিবির প্রধান কার্যালয় থেকে গত ৫ নভেম্বর জারি করা নিয়োগ অনুমোদনপত্র অনুযায়ী, সারা দেশে অনুমোদিত ১৯টি ডিলার প্রতিষ্ঠানের তালিকায় ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকার দু’টি প্রতিষ্ঠান রয়েছে। তালিকার ১২ নম্বরে রয়েছে ‘মেসার্স লুৎফা এন্টারপ্রাইজ’, যার স্বত্বাধিকারী মোছা: লুৎফা বেগম। ১৩ নম্বরে রয়েছে ‘মেসার্স ফারিহা ট্রেডার্স’, যার স্বত্বাধিকারী ফজলে আলম। উভয় প্রতিষ্ঠানের ঠিকানা উত্তরা বাজার, রুহিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফা বেগম ও ফজলে আলম সম্পর্কে মা ও ছেলে।
স্থানীয়দের অভিযোগ, একই পরিবারের সদস্যদের নামে একই বাজারে দু’টি ডিলারশিপ অনুমোদন দেয়ায় টিসিবির পণ্য বিতরণে একচেটিয়া প্রভাব বিস্তার ও অনিয়মের আশঙ্কা রয়েছে। ডিলার নিয়োগে জেলা প্রশাসন ও উপজেলা পর্যায়ের তদন্ত কমিটির সরেজমিন যাচাইয়ের ভিত্তিতে সুপারিশ করার বিধান থাকলেও এ ক্ষেত্রে যথাযথ যাচাই হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ৭ নভেম্বর উত্তরা বাজারে সরেজমিন একই মার্কেটের দুই পাশে দু’টি বন্ধ দোকানের সামনে পৃথক সাইনবোর্ড দেখা যায়। তবে সেখানে কোনো কার্যক্রম বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরদার মোস্তফা শাহিন বলেন, ডিলার নিয়োগে নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী আবেদন যাচাই করা হয়। আবেদনপত্রে গোডাউন ও এর ধারণক্ষমতাসহ বিভিন্ন তথ্য দিতে হয়। ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্কের তথ্য দেয়ার সুযোগ নেই। প্রাথমিক তথ্যের ভিত্তিতে মাঠপর্যায়ে যাচাইয়ের কাজ স্থানীয় প্রশাসন বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা করে থাকেন।

 

Advertisement