মাদারগঞ্জে ভাঙ্গাড়ির দোকানে সরকারি বই বিক্রি, আটক ১

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

Advertisement

জামালপুরের মাদারগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ ২০২৬ শিক্ষাবর্ষের নতুন সরকারি পাঠ্যবই ভাঙারির দোকানে বিক্রির অভিযোগে ফাজিলপুর বালিকা দাখিল মাদরাসার সুপার জয়নাল আবেদীনকে আটক করেছেন স্থানীয় যুবকেরা।
গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার সুপার তিন বস্তা নতুন পাঠ্যবই ভ্যানে করে তেঘরিয়া এলাকার এক ভাঙারি ব্যবসায়ীর কাছে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ভ্যানটি আটক করে বইগুলো দেখতে পান। পরে সুপারকে আটক করেন তারা।
স্থানীয় যুবক জিহাদ বলেন, বইগুলো কোথায় নেয়া হচ্ছে জানতে চাইলে সুপার জানান, বই বেশি হয়েছে। সেগুলো বিক্রি করে মাদরাসার উন্নয়ন কাজে অর্থ ব্যয় করবেন।
ভাঙারি ব্যবসায়ী লোকমান জানান, সুপার তার কাছে বই বিক্রির কথা বললে তিনি ভ্যান পাঠিয়ে তিন বস্তা বই আনান। বইগুলোর ওজন আনুমানিক ১০০ কেজি। পরে বস্তা খুলে তিনি দেখতে পান, সব বই ২০২৬ শিক্ষাবর্ষের নতুন সরকারি পাঠ্যবই।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত সুপার জয়নাল আবেদীনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, বিষয়টি তিনি সাংবাদিকের মাধ্যমে জেনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

Advertisement