খাটুরা বাঁওড় দখলমুক্ত করার দাবিতে মাছচাষিদের মানববন্ধন
বাঁওড় দখলমুক্ত করার দাবিতে চাষিদের মানববন্ধন : নয়া দিগন্ত।

 যশোর অফিস

Advertisement

যশোর জেলার মণিরামপুর উপজেলার খাটুরা বাওড় জোর করে দখলে রেখেছেন আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সহযোগীরা। তাদের কবল থেকে বাওড়টি উদ্ধারের দাবিতে গতকাল রোববার খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতির ১০১ জন সদস্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন সমিতির সদস্য আলতাফ হোসেন। 
মানববন্ধনে মৎস্যজীবীরা বলেন, খাটুরা বাওড়ের প্রকৃত মালিক সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন জেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে খাটুরা বাওড় মৎস্যজীবী সমিতি দীর্ঘমেয়াদি ইজারা নিয়ে বাওড়টি পরিচালনা করে আসছিল। 
কিন্তু দীর্ঘ দিন যাবৎ বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সহযোগিতায় একটি মহল জোরপূর্বক বাওড়টি দখল করে রেখেছে। এ কারণে মৎস্য চাষিরা বাওড়ে মাছ শিকার করতে পারছেন না। দখলদাররা মৎস্য চাষিদের মাছ ধরতে বাধা এবং প্রাণনাশেরও হুমকি দিচ্ছে। এতে করে সমিতির ১০১ জন ভূমিহীন সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।
মাছ চাষিদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন খাটুরা বাওড়কে দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন মৎস্যচাষি সমিতির সদস্যরা।

 

Advertisement