
মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সহকারী শিক্ষাকর্মকর্তা এস এম মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী গোপালগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন। আদালতের নির্দেশে সদর থানায় মামলাটি এজাহারভুক্ত হয়েছে। মামলার বাদি ওই নারী মুকসুদপুর উপজেলার ঝুটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা। তিনি প্রায় পাঁচ মাস আগে চাকরি ছেড়ে দিয়েছেন। অভিযুক্ত এস এম মাহাতাব উদ্দিন গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ডুবশি গ্রামের এস এম আকবার হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ফেসবুকে মাহাতাব উদ্দিনের সাথে ওই নারীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে মাহাতাব উদ্দিন শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে ওই নারী বিয়ের শর্ত দেন। গত ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেয়ার কথা বলে ওই নারীকে নিজের বাড়িতে ডেকে নেন মাহাতাব উদ্দিন। সেখানেই মাহাতাব উদ্দিন তার সঙ্গে শারীরিক মেলামেশা করেন। পরে ওই নারীর বাড়িতে গিয়ে একাধিকবার শারীরিক মেলামেশা করেন।
অভিযুক্ত সহকারী শিক্ষা কর্মকর্তা এস এম মাহাতাব উদ্দিনকে ফোনে পাওয়া যায়নি। সদর থানার ওসি মো: আমিনুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








