বেসরকারি সদস্যদের ত্রুটিপূর্ণ বিলের বিষয়ে এক সপ্তাহে জানাতে হবে
সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির বৈঠকে আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সদস্যরা : নয়া দিগন্ত।

 সংসদ প্রতিবেদক

Advertisement

জাতীয় সংসদে বেসরকারি সদস্যদের উত্থাপিত কোনো বিল অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ হলে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে এক সপ্তাহের মধ্যে লিখিতভাবে ত্রুটির কারণ জানাতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সাথে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনের ক্ষেত্রে সংসদ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। 
বৈঠকে সংসদের কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বেসরকারি সদস্যদের বিল উত্থাপনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যরা যাতে কার্যকর ও যথাযথভাবে বিল উত্থাপন করতে পারেন, সে জন্য তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেয় কমিটি।
বেসরকারি সদস্যদের উত্থাপিত কোনো বিল অর্থ বিল হিসেবে বিবেচিত হলে রাষ্ট্রপতির সম্মতি গ্রহণের প্রয়োজনীয়তা এবং এ-সংক্রান্ত প্রক্রিয়া সহজ ও দ্রুত করার বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনপূর্বক নিশ্চিত করা হয়। পাশাপাশি বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়।
বৈঠকে কমিটির সভাপতি ও সদস্যদের সাথে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি কমিটির কার্যক্রম পরিচালনায় সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বৈঠকে কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান, মোছা: তাহসিনা রুশদীর, মো: নূরুল ইসলাম বুলবুল ও আখতার হোসেন এমপি উপস্থিত ছিলেন।