
২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার অন্য দিগন্ত বিভাগে ‘টিভিতে হাজির হলেন পরলোকগত সুপারম্যান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, পঙ্গুত্ব কাটিয়ে উঠতে জীবনভর স্টেমসেল গবেষণার পক্ষে প্রচারণা চালানো পরলোকগত ‘সুপারম্যান’ অভিনেতা ক্রিস্টফার রিভ মৃত্যুর আগে ধারণকৃত এক টিভি বিজ্ঞাপনে ক্যালিফোর্নিয়ার ভোটারদের ‘প্রস্তাব-৭১’ সমর্থনের আহ্বান জানান। এই প্রস্তাবটি পাস হলে মানব ভ্রূণের স্টেমসেল গবেষণায় ক্যালিফোর্নিয়া রাজ্য সরকারের ৩০০ কোটি ডলার অর্থায়নের পথ সুগম হবে।
আজ নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবেদনটি পাঠকদের জন্য তুলে ধরা হলো—
‘টিভিতে হাজির হলেন পরলোকগত সুপারম্যান’
লসঅ্যাঞ্জেলেস থেকে সিনহুয়া
দুই সপ্তাহ আগে পরলোকগত সুপারম্যান অভিনেতা ক্রিস্টফার রিভ গত শনিবার হাজির হয়েছিলেন ক্যালিফোর্নিয়ার এক টিভি বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটিতে তিনি ভোটারদের প্রতি স্টেমসেল গবেষণা সংক্রান্ত একটি বিল সমর্থন করার আহ্বান জানান। বিজ্ঞাপনে তিনি বলেন, ‘স্টেমসেল ইতিমধ্যে পশুর পঙ্গুত্ব নিবারণে সক্ষম হয়েছে... স্টেমসেল হচ্ছে মেডিসিনের ভবিষ্যৎ। প্লিজ! ৭১ নং প্রস্তাব সমর্থন করুন এবং যারা দাঁড়াতে পারছে না তাদের পক্ষে দাঁড়ান।’ ঘোড়ায় চড়ার সময় এক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান ক্রিস্টফার রিভ।
দীর্ঘদিন পঙ্গুত্বের অভিশাপ নিয়ে জীবন কাটানোর পর গত ১০ অক্টোবর তিনি মারা যান। তার মৃত্যুর এক সপ্তাহ আগে বিজ্ঞাপনচিত্রটি রেকর্ড করা হয়। পঙ্গু হওয়ার পর থেকেই রিভ স্টেমসেল গবেষণার পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছিলেন। ক্যালিফোর্নিয়ার ভোটাররা আগামী নভেম্বর মাসে ৭১ নং প্রস্তাবের ওপর ভোট দেবে। এই প্রস্তাবে মানব ভ্রূণের স্টেমসেল গবেষণায় রাজ্যের অর্থায়নের প্রস্তাব করা হয়েছে।
২০০১ সালে প্রেসিডেন্ট বুশ স্টেমসেল গবেষণায় ফেডারেল তহবিল ব্যবহার নিষিদ্ধ করলে বিজ্ঞানী ও গবেষকরা এর তীব্র সমালোচনা করেন। ক্যালিফোর্নিয়ায় প্রস্তাব-৭১ পাস হলে স্টেমসেল গবেষণায় রাজ্যের ৩০০ কোটি ডলার অর্থ ব্যয় করা যাবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








