
খুলনা ব্যুরো
পুলিশের মহাপরিদর্শক মো: আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় বলপ্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়। আবার না করলে দুর্বল মনে করে মানুষ। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিরসনে কাজ করছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে নগরীর বয়রাস্থ মেট্রোপলিটন পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং-বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, কিশোরগ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগে জনগণের অভিযোগ ছাড়াই পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার ক্ষমতা দিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশের সাথে জনগণের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে পুলিশ কাজ করছে।
আইজিপির সফরের মধ্যেই যুবদল নেতাকে গুলি : অপর দিকে আইজিপির সফর চলাকালেই এক যুবদল নেতাকে গুলি করার ঘটনা ঘটে। শনিবার দুপুরের দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা রামিম বিশ্বাস (৩২) আহত হন।
আহত রামিম বিশ্বাস পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। তিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানান স্থানীয় বিএনপি নেতারা জানান।
গ্রামবাসীরা জানান, সকালে ভ্যানে করে কোলা বাজারে যাচ্ছিলেন রামিম। পথে গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি তার পিঠের ডান পাশে লাগে। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে তেরখাদা থানার ওসি আহমেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য, এর আগে গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা নগরীতে দুইজনকে গুলি করে হত্যা করা হয়। ওইদিন ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার নামের এক যুবককে গুলি করে হত্যা এবং সন্ধ্যায় লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকায় খুশি বেগম (২৫) নামের এক গৃহবধূকে তার মায়ের সামনেই মাথায় গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








