
নিজস্ব প্রতিবেদক
সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে- এমন বক্তব্যের বিরোধিতা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহল কবির রিজভী বলেছেন, একজন সরকারি দলের সংসদ সদস্য যে বরাদ্দ পান, একজন বিরোধী দলের সংসদ সদস্যও একই বরাদ্দ পান। এ নিয়ে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। গতকাল শনিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এ জন্য জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি বাসা-বাড়ি, নালা-নর্দমা, ড্রেন-খালসহ এডিস মশার প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ইতোমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে খুলনা ও চট্টগ্রাম বিভাগে ব্যাপকসংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন।
তিনি বলেন, অতীতেও বিভিন্ন মহামারী মোকাবেলায় বিএনপির সচেতন নেতাকর্মী ও চিকিৎসকেরা সমন্বিতভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছেন। করোনাভাইরাস ও চলমান হাম পরিস্থিতিতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে, যাতে সাধারণ মানুষ আগাম সতর্কতা অবলম্বন করে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেন।
তিনি বলেন, দলের নেতাকর্মীদেরও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। ঢাকা মহানগরীসহ সারা দেশে নালা, নর্দমা, ড্রেন, ফুটপাত ও খাল পরিষ্কার এবং এডিস মশার প্রজননস্থলে ওষুধ ছিটানোর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ নেয়া হচ্ছে। এর আগে পুরান ঢাকার বিভিন্ন খাল পরিষ্কারের কাজও বিএনপির পক্ষ থেকে করা হয়েছে বলে তিনি জানান।
বিরোধী দলের পক্ষ থেকে সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত না করে দায়িত্বশীলতার সাথে কাজ করা প্রয়োজন। সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যদের বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে- এমন বক্তব্যের বিরোধিতা করে তিনি বলেন, একজন সরকারি দলের সংসদ সদস্য যে বরাদ্দ পান, একজন বিরোধী দলের সংসদ সদস্যও একই বরাদ্দ পান। তিনি বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। দেশের জনগণ সচেতন এবং অগণতান্ত্রিক শক্তির সাথে আঁতাত করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা জনগণ মেনে নেবে না।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সায়েদুল আলম বাবুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো: রফিকুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








