
নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, মুহাম্মদ শফিকুর রহমান আর নেই। গতকাল বেলা আড়াইটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বনানীর নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন মুহাম্মদ শফিকুর রহমান। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল বেলা আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তিনি ২০১৬-১৭ ও ২০১৭-১৮ মেয়াদে টানা দুইবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হন।
সাংবাদিকতার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখেন মুহাম্মদ শফিকুর রহমান। তিনি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের ৩ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৬ আগস্ট পর্যন্ত তিনি জাতীয় সংসদে ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন মুহাম্মদ শফিকুর রহমান। স্বাধীনতাযুদ্ধে তার অংশগ্রহণ তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। মুক্তিযুদ্ধের পর তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে তিনি সাংবাদিকতা শুরু করেন। বিশ্ববিদ্যালয় জীবনেই সংবাদ সংগ্রহ ও লেখালেখির মধ্য দিয়ে তার পেশাগত যাত্রা শুরু হয়। সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য তিনি যুক্তরাজ্য ও জাপানে যান। বিদেশে এ বিষয়ে শিক্ষা গ্রহণের পর তিনি সাংবাদিকতা পেশায় নিজের অভিজ্ঞতা ও দক্ষতা আরো সমৃদ্ধ করেন।
মুহম্মদ শফিকুর রহমান ১৯৪৯ সালের ২৫ সেপ্টেম্বর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মিয়াজী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মৌলভী আবদুল হামিদ এবং মা আয়েশা খাতুন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








