
কাজী আফতাব হোসেন, সালথা (ফরিদপুর)
ফরিদপুরের সালথায় সারের কৃত্রিম সঙ্কট তৈরি করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ উঠেছে একশ্রেণির ডিলার ও খুচরা বিক্রেতার বিরুদ্ধে। সরকারি নির্ধারিত দামে সার না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় চাষিরা। এতে পেঁয়াজের চারা উৎপাদনসহ চলতি রবি মৌসুমের আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার হাজারো কৃষক।
কৃষকদের অভিযোগ, রবি মৌসুমে পেঁয়াজ, রসুন ও শীতকালীন সবজির চাহিদা বাড়ার সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। ৫০ কেজির এক বস্তা সারের সরকারি দাম এক হাজার ৫০ টাকা হলেও তা কিনতে হচ্ছে এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ টাকায়। বস্তাপ্রতি ৫৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বাড়তি গুণতে হচ্ছে কৃষকদের। সারের দোকানে মূল্যতালিকা না টাঙানো এবং ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করছে। উপজেলার খোয়াড় গ্রামের কৃষক মিলু শেখ ও লাভলু মাতুব্বর জানান, সরকারি দামে সার কিনতে গেলে সঙ্কট দেখিয়ে মাত্র ১৫ কেজি করে দেয়া হচ্ছে। অথচ অতিরিক্ত টাকা দিলেই মিলছে চাহিদামতো পরিমাণের সার।
তবে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ বাজারে কোনো সারের ঘাটতি নেই বলে দাবি করছে। সালথা উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ বলেন, ‘সারের বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি চলছে। অনিয়মের অভিযোগে সম্প্রতি দুই ডিলারকে জরিমানা করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, কৃত্রিম সঙ্কট তৈরি বা অতিরিক্ত দাম নেয়ার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








