
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
নিষেজ্ঞার ১৬ দিনেও সরকারি প্রণোদনার চাল পাননি পটুয়াখালীর দশমিনা সদর ইউনিয়নের দুই হাজার ৭৭৫ জন জেলে। উপজেলার অধিকাংশ ইউনিয়নে এখনো চাল পায়নি জেলেরা। বিকল্প কর্মসংস্থানের অভাবে খেয়ে না খেয়ে দিন কাটছে জেলেদের। অন্য দিকে নিবন্ধনের আওতায় আসতে না পারায় আবার অনেক জেলেরা প্রণোদনার চাল থেকে বঞ্চিত হচ্ছেন। তবে মৎস্য বিভাগ বলছে, নিবদ্ধিত জেলেদের শিগগিরই চাল পৌঁছে দেয়া হবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ যাতে অবাধে ডিম ছাড়তে পারে, সেই জন্য ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য ইলিশ ধরায় নিষেজ্ঞা চলছে। আইন অমান্য করে যারা মাছ শিকার করছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। বেকার জেলেদের সংসার নির্বাহের জন্য মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রণোদনা হিসেবে বরাদ্ধ দেয়া হয়েছে জেলে প্রতি ২৫ কেজি চাল। কিন্তু সেই চাল না পেয়ে পেটের দায়ে নদীতে নামতে বাধ্য হচ্ছেন বলে দাবি করছেন জেলেরা। জেলেরা বলছেন, ২২ দিন আয় রোজগার না থাকার পাশাপাশি সময়মতো সরকারের প্রণোদনা না পাওয়ায় দুর্বিষহ হয়ে পড়েছে তাদের জীবন। জেলেদের অভিযোগ, শুধু এবারই নয় প্রতি বছরই স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও মৎস্য বিভাগের উদাসীনতার কারনে তারা সঠিক সময়ে চাল পান না। মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজ করার অভিজ্ঞতা না থাকায় প্রতি বছরই তাদের এমন দুর্বিষহ কষ্টে পড়তে হয়। সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেয়া হলে এমন পরিণতি হতো না। দশমিনা সদর ইউনিয়নের একাধিক জেলে বলেন, অনেক দিন ধরে অভিযান চলছে। সরকার আমাদেরকে কোনো সাহায্যে সহযোগিতা করেনি। কোনো চাল বা কিছুই দেয়নি। তাই আমরা খুব অভাবে আছি। সরকার চাল দিলে তো আমরা ভাত খেতে পারি। তবে হাজীর হাট এলাকার জেলেরা জানান, সরকার ২২ দিনের যে অভিযান দিয়েছে, এই অভিযানের আগেই চাল দিলে আমাদের অনেক ভালো হতো। চাল তো দিলেই না। তাই পরিবার পরিজন নিয়ে এখন না খেয়ে মরা ছাড়া কোনো উপায় নেই। এ ছাড়া ঋণের কিস্তি তো আছেই। সরকার যদি আমাদের দিকে একটু দৃষ্টি দিতে তাহলে ভালো হইতো। এবিষয়ে দশমিনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান মিয়া বলেন, জেলে তালিকার হাল নাগাদ ও শারদীয় ছুটির কারণে জেলেদের চাল বিতরণে একটু বিলম্ব হয়েছে। তিনি আরো বলেন, আশা করছি দুই এক দিনের মধ্যে জেলেদেও মধ্যে চাল বিতরণ করা হবে। এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার মো: মাহামুদ হাসান মৃধা জানান, সদর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানকে একাধিকবার চাল বিতরণের কথা বলেছি। কিন্তু তিনি তালিকা হাল নাগাদ করতে বিলম্বের কথা আমাকে জানিয়েছেন। তবে রোববার চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








