ভোলাহাটে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংবাদদাতা

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নে অস্তিত্বহীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে সার ডিলার নিয়োগের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ‘জারা-ফারা এগ্রো’ নামে প্রতিষ্ঠানটির কোনো দৃশ্যমান দোকান বা ব্যবসায়িক কার্যক্রম নেই। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নীতিমালা অনুসরণ করেই প্রতিষ্ঠানটির মালিককে ডিলার নিয়োগ দেয়া হয়েছে।
জারা-ফারা এগ্রোর মালিক হেলাচী গ্রামের মো: টুটুল মিয়া। সরেজমিনে প্রতিষ্ঠানটির কোনো সাইনবোর্ড বা কৃষি উপকরণ বিক্রির কার্যক্রম দেখা যায়নি। সার সংরক্ষণের গুদাম হিসেবে উল্লেখ করা বড়গাছী বাজারের ঠিকানায় গিয়ে ‘মেসার্স মা ট্রেডার্স’ নামে একটি দোকান পাওয়া যায়। এর মালিক আরিফুল ইসলাম লালটু বলেন, ছয় বছর ধরে টুটুল মিয়ার বাবার কাছ থেকে দোকান ভাড়া নিয়ে তিনি ব্যবসা করছেন।
বড়গাছী বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিঠু জানান, টুটুল মিয়া রাজশাহীতে বসবাস করেন এবং মাঝেমধ্যে এলাকায় আসেন। বাজারে জারা-ফারা এগ্রো নামে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নেই। সার ব্যবসার সাথেও তার আগে সম্পৃক্ততা ছিল বলে তারা জানেন না।
জামবাড়ীয়া ইউনিয়নের কয়েকজন জনপ্রতিনিধিও জানিয়েছেন, তাদের জানা মতে, এলাকায় টুটুল মিয়ার কোনো দৃশ্যমান ব্যবসাপ্রতিষ্ঠান নেই।
ডিলারশিপের জন্য আবেদনকারী মেসার্স মাহী এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে সার ও কীটনাশকের ব্যবসা করলেও তিনি ডিলারশিপ পাননি। অথচ তার অভিযোগ, দৃশ্যমান প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও জারা-ফারা এগ্রো ডিলারশিপ পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আবেদনকারীও নিয়োগপ্রক্রিয়া পুনরায় যাচাইয়ের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে টুটুল মিয়া বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আবেদন করেছেন। সে অনুযায়ী তিনি ডিলারশিপ পেয়েছেন। বিস্তারিত জানতে চাইলে তিনি সরাসরি কথা বলার আগ্রহ প্রকাশ করেন।
উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী বলেন, নীতিমালা অনুযায়ী যাচাই-বাছাই করে ওই ইউনিয়ন থেকে তিনজনের নাম পাঠানো হয়েছিল। মন্ত্রণালয় টুটুল মিয়াকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়েছে।
এ বিষয়ে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।