বগুড়ায় হাজার কোটি টাকার মেগা পরিকল্পনা
এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তৃতা করেন : পিআইডি।

দীর্ঘ ২০ বছরের উন্নয়ন বৈষম্য ও বঞ্চনা কাটিয়ে বগুড়াকে দেশের অন্যতম প্রধান শিল্প, যোগাযোগ ও অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করতে হাজার হাজার কোটি টাকার মেগা উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে ১০ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের রেলপথ, এক হাজার কোটি টাকার স্পোর্টস ভিলেজ এবং প্রায় দুই হাজার কোটি টাকার সিটি করপোরেশন অবকাঠামো উন্নয়নসহ একগুচ্ছ প্রকল্প।
গতকাল বৃহস্পতিবার সকালে শহরের মমইন কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বগুড়ার উন্নয়ন সম্ভাবনা, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, ১০ হাজার ৫৭০ কোটি টাকা ব্যয়ে বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আসবে। পাশাপাশি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যোগাযোগের সুবিধার্থে বগুড়া বহুমাত্রিক বিমানবন্দর নির্মাণের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শহরের যানজট নিরসনে করতোয়া নদীর কোল ঘেঁষে চার লেনের সড়ক এবং প্রধান সড়কগুলো চার থেকে ছয় লেনে উন্নীত করার উদ্যোগ নেয়া হচ্ছে। প্রাথমিক কাজের জন্য ইতোমধ্যেই ৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে।
তিনি আরো জানান, বগুড়ায় প্রায় এক হাজার কোটি টাকা ব্যয়ে ‘আরাফাত রহমান কোকো প্যারা স্পোর্টস ভিলেজ’ গড়ে তোলা হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে এক হাজার ৯৯৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া জেলার ১৩টি উপজেলার টেকসই উন্নয়নে তিন হাজার ৫০০ কোটি এবং পৌরসভাগুলোর জন্য আরো দুই হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা রয়েছে। বগুড়া ওয়াসা ও বগুড়া উন্নয়ন কর্তৃপ (বিডিএ) গঠনের প্রক্রিয়াও শেষ পর্যায়ে। প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ ও বিসিক শিল্প পার্কের কাজ দ্রুত শুরু হবে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

Advertisement