এশিয়ান প্যারা গেমসেও হতাশার দিন

ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান প্যারা গেমসের মতো আসরে টিকে থাকতে পারলেন না বাংলাদেশের দুই স্প্রিন্টার। পুরুষদের টি ৪৭ বিভাগে ১০০ মিটার স্প্রিন্টের হিটে দাঁড়ান পারভেজ মিয়া। প্রথমবার স্টার্টিং পয়েন্টে দৌড় শুরুর আগ মুহুর্তে উপুর হতে না পারায় হলুদ কার্ড দেখান বিচারক। পরে যখন স্টার্টআপ বেজে ওঠে, হলুদ কার্ড দেখে মন ভেঙে পড়ায় অন্যদের সাথে দৌড় শুরু করতে এক সেকেন্ড দেরি করেন পারভেজ। তাতেই ছয়জনের মাঝে পঞ্চম। 
অন্য দিকে দৌড়ই দিতে পারলেন না ইমতিয়াজ। দু-দু’বার ফলস স্টার্টের কারণে লাল কার্ড দেখে ডিসকোয়ালিফাই করে দেয়া হয় তাকে। নাগায়োর ট্র্যাকে নেমেও খেলতে না পারায় চোখ মুছতে মুছতে বের হয়ে যান তিনি। ইমতিয়াজের কথা, ‘এক হাত না থাকায় আমি ব্যালান্স রাখতে পারছিলাম না। তাই বারবার এক দিকে ঝুঁকে যাচ্ছিলাম। এতেই দু’বার হলুদ কার্ড দেখে ডিসকোয়ালিফাই হই। এতদূরে খেলতে এসে দৌড়াতেই পারলাম না।’  
হতাশ করেছেন এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণজয়ী চৈতী রানী দেবও। শটপুটে খুব একটা ভালো করতে পারেননি। অন্য দেশের ক্রীড়াবিদদের উচ্চতার সাথে খুবই খর্বকায় ছিলেন তিনি। তাই খুব বেশি দূরত্বে গোলক নিক্ষেপ করতে পারেননি। অন্য দিকে প্যারা আরচারিতে প্রি-কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছেন জুমা আক্তার ও আল আমিন হোসেন।

Advertisement