ধর্ষণের অভিযোগে বান্দরবানে এনসিপি নেতা গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি 
ধর্ষণের অভিযোগে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা শহরের শিশু পার্ক সংলগ্ন নিজের মালিকানাধীন রিসোর্টে শৈক্যচিং মারমা নামের ওই নেতা এক নারীকে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ দেয়া হয়। এরপর গত শুক্রবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে শৈক্যচিংকে মধ্যমপাড়ার বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বান্দরবান জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে জেলা শহরের বালাঘাটা সড়কের শিশু পার্ক সংলগ্ন একটি পাহাড়ে শৈক্যসিং মারমার একটি রিসোর্ট রয়েছে। শুক্রবার দুপুরে সেখান থেকে এক নারীর চিৎকার ও কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। পরে রিসোর্টে গিয়েও ওই নারীকে কান্নারত অবস্থায় দেখা যায়। ওই নারী স্থানীয় লোকজনকে অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে রিসোর্টে নিয়ে এসেছিলেন শৈক্যচিং মারমা। সেখানে তাকে ধর্ষণ করা হয়। পরে বিয়ের কথা বললে শৈক্যচিং রাজি হননি। একপর্যায়ে তাকে রিসোর্ট থেকে বের করে দেয়ার চেষ্টা করা হয়। এ অভিযোগ শোনার পর স্থানীয় বাসিন্দারা ওই নারীকে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেন। বান্দরবান সদর থানার মাসুদ পারভেজ জানান, পুলিশ বিষয়টি জানার পর ওই নারীকে উদ্ধার করে ওসি। তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর শৈক্যচিং মারমাকে গ্রেফতার করা হয়। ওই নারী নিজে বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ বিষয়ে এনসিপির বান্দরবান জেলা কমিটির আহ্বায়ক মং সা প্রু চৌধুরী বলেন, শৈক্যচিং মারমার বিষয়ে তারা তদন্ত করে দেখছেন।

Advertisement