টঙ্গীতে ২ নারী মাদককারবারি ও চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

 নয়া দিগন্ত ডেস্ক
গাজীপুরের টঙ্গীতে দুই নারী মাদক কারবারি এবং চট্টগ্রামে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, গাজীপুরের টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তি এলাকায় পুলিশের অভিযানে মমেলা বেগম (৪০) ও দুলেনা বেগম (৪৫) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, মমেলার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় দুই নারীর কাছ থেকে ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গত রোববার সন্ধ্যায় টঙ্গীর অন্যতম প্রধান মাদকস্পট ব্যাংকের মাঠে  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মমেলা বেগমকে পাঁচ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই সময় তার সহযোগী হিসেবে পরিচিত দুলেনা বেগমের কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার মমেলা বেগম স্থানীয় জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং দুলেনা বেগম চুন্নু মিয়ার স্ত্রী। তারা ওই এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে একটি আবাসিক হোটেলে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে লোকমান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার ভোরে তাকে গ্রেফতার করা হয়। 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, লোকমানের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ২ অক্টোবর বান্দরবানে থাকা কিশোরীকে চট্টগ্রামে নিয়ে আসেন তিনি। পরে রাত হয়ে যাওয়ার কথা বলে কিশোরীকে নিয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার আওতাধীন পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার হোটেল হেরিটেজে ওঠেন তিনি। 
সেখানে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরদিন ৩ অক্টোবর কিশোরীকে মুরাদপুরে নামিয়ে দিয়ে মুঠোফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান লোকমান। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে কিশোরী। পরে পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলা করা হয়। 
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার দে বলেন, মামলা দায়েরের পর রোববার ভোরে আসামি লোকমানকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement