
ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবের বিরুদ্ধে নিকাব পরিহিত শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ বলার অভিযোগে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কালো মাস্ক ও নিকাব পরে এবং লাল কার্ড প্রদর্শন করে এ প্রতিবাদ জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, একই শ্রেণিকক্ষে ছয়জন ছাত্রকে এক বেঞ্চে বসতে দেখে তাদের ‘গে’ ও ‘গরিব’ বলেও মন্তব্য করেন ওই শিক্ষক। এ ছাড়া তার প্রতি সমর্থন জানানো ব্যক্তিদের অবস্থানের বিরুদ্ধেও প্রতীকী প্রতিবাদ জানান তারা।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নায়েম বলেন, শিক্ষার্থীদের মূল অভিযোগ এড়িয়ে একপাক্ষিক বক্তব্য দেয়ার পাশাপাশি কয়েকজন শিক্ষক ও তাদের অনুসারীরা অভিযুক্ত শিক্ষককে সমর্থন করেছেন। এ কারণে তাদের বিরুদ্ধেও এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়া হয়ে থাকলে তা দেখে বিস্তারিত জানা সম্ভব হবে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর শ্রেণিকক্ষে নিকাব পরিহিত শিক্ষার্থীকে নিয়ে মন্তব্যের অভিযোগ ওঠার পর ৮ অক্টোবর তাসনিম সিরাজ মাহবুবকে সাময়িকভাবে সব ধরনের ক্লাস কার্যক্রম থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর প্রতিবাদে গত রোববার সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষক নেটওয়ার্কের নেত্রী সামিনা লুৎফা শ্রেণিকক্ষে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








