রাঙ্গুনিয়ায় যুবককে পিটিয়ে হত্যা ভালুকায় নারী শ্রমিককে ধর্ষণ

 নয়া দিগন্ত ডেস্ক
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দিদারুল আলম নামে এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহৃত যুবক দিদারুল আলমকে (৩৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি পদুয়া নারিশ্চা মোবারক টিলা গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গতকাল দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে। 
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পদুয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দুর্গম পাহাড়ি এলাকা নারিশ্চা মোবারক টিলার বাসিন্দা দিদারুল আলমকে সোমবার বিকেলে দুষ্কৃতিকারীরা অপহরণ করে সরফভাটার দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে দুষ্কৃতিকারীরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তবে কী কারণে তাকে এমনটা করা হয়েছে তা জানা যায়নি। পদুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল্লাহ কায়সার দুলু বলেন, দিদারুলকে দুষ্কৃতিকারীরা অপহরণ করে বেধম মারধর করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। 
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহমেদ বলেন, পাওনা টাকা লেনদেনের জেরে প্রতিপক্ষের লোকেরা দিদারুলকে পিটিয়ে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।  
ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে (২৩) জোরপূর্বক তুলে নিয়ে মুখ বেঁধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। আর ভুক্তভোগী নারী বাদি হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা করেছেন।
গ্রেফতার আল আমিন উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর এলাকার মৃত আতর আলীর ছেলে। আর হুসেন একই এলাকার মোস্তফা কামালের ছেলে। তাদের দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামি একই এলাকার আইন উদ্দিনের ছেলে ইকবাল হোসেনকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী উপজেলার কাঁঠালি এলাকার স্কয়ার টেক্সকম ফ্যাক্টরিতে কাজ করেন। গত ৪ অক্টোবর রাতে কারখানার ছুটি হওয়ার পর ১০টার দিকে মল্লিকবাড়ি মোড় থেকে অটোরিকশায় করে নয়নপুর ৯ নম্বর বাঁধ এলাকায় পৌঁছে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় আসামিরা তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে আল আমিনের বসতঘরে নিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে। তবে বিষয়টি কাউকে না বলার জন্য তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ৫ অক্টোবর ভোর পৌনে ৫ টার দিকে ছেড়ে দেয়া হয়।
এরপর ভুক্তভোগী ভালুকা মডেল থানায় গিয়ে তিনজনকে আসামি করে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে আল আমিন ও হুসেনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
ইটনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার
ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ জেলে অরুণ দাসের (২২) লাশ তিন দিন পর উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের ঠাকুরহাটির কানু দাসের ছেলে।
স্থানীয় বাসিন্দা সৌরভ দাস জানান, সোমবার দুপুরে শিলুন্দিয়া গ্রামের পূর্ব দিকে ধনু নদীতে ছোট একটি নৌকায় বসে মাছ ধরছিলেন অরুণ দাস ও বড় ভাই সাগর দাস। এ সময় বাজিতপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশে যাওয়া একটি বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। এ সময় সাগর দাস সাঁতরে তীরে উঠতে পারলেও অরুণ দাস নিখোঁজ হন। পরে স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তিন দিন পর বুধবার সকালে বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

Advertisement