চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী।

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

চিকিৎসাবিজ্ঞানে  ২০২৬ সালের নোবেল পুরস্কার  পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন- মার্কিন স্নায়ুবিজ্ঞানী কার্ল ডাইসারোথ এবং জার্মানির দুই গবেষক পিটার হেগেম্যান ও গেওর্গ নাগেল। মানবমস্তিষ্কের জটিল কার্যপ্রণালী এবং একক স্নায়ুকোষের (নিউরন) আচরণ নিয়ন্ত্রণের পদ্ধতি অপটোজেনেটিকস আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেয়া হয়েছে।
নোবেল কমিটি জানিয়েছে, জার্মানির দুই বিজ্ঞানী হেগেমান ও নাগেল ‘চ্যানেলরোডপসিন’ নামে পরিচিত একটি প্রোটিন আবিষ্কার করেন। পরে মার্কিন বিজ্ঞানী ডেইসেরথ এই প্রোটিনকে এমন একটি আলো-নিয়ন্ত্রিত সুইচে রূপান্তর করেন, যার মাধ্যমে স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায়। কমিটির ভাষায়, তাদের এই কাজ ‘নিউরোসায়েন্সের এক নতুন যুগের ভিত্তি স্থাপন করেছে।’ ‘অপ্টোজেনেটিকস’ নামে পরিচিত এই পদ্ধতি ব্যবহার করে গবেষকেরা মস্তিষ্কের এমন স্নায়ুবিক সার্কিটগুলোকে আলোকিত ও শনাক্ত করতে পারেন, যেগুলো নির্দিষ্ট স্মৃতি, অনুভূতি এবং আচরণ নিয়ন্ত্রণ করে। এসব বিষয় বিভিন্ন স্নায়ুবিক ও মানসিক রোগের সাথে সম্পর্কিত।
চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত নোবেল কমিটির সেক্রেটারি জেনারেল থমাস পার্লম্যান স্টকহোমে গতকাল সোমবার চিকিৎসাবিজ্ঞানের নোবেলজয়ীদের নাম ঘোষণা করেন। সুইডেনের রাজধানী স্টকহোম থেকে প্রথা অনুযায়ী প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিনে ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রের নোবেল পুরস্কারজয়ীর নাম। এরপর ছয়টি বিভাগে ছয় দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। 
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। সুইডিশ বিজ্ঞানী ও ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর থেকে তার নামে এবং রেখে যাওয়া অর্থে এই পুরস্কার দেয়া হয়। ১৯৬৯ সালে এতে যুক্ত হয় অর্থনীতি। প্রতিবছর আলফ্রেড নোবেলের মৃত্যুর দিবস ডিসেম্বরের ১০ তারিখ বিজয়ীদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেয়া হয়। 
নোবেলজয়ী তিন বিজ্ঞানী একটি করে মেডেল, একটি করে সনদপত্র এবং মোট এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা পাবেন। একাধিক নোবেলজয়ী থাকলে তাদের মধ্যে এই অর্থ ভাগ হয়ে যাবে। এক কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) সুইডিশ ক্রোনা হচ্ছে প্রায় ১২ লাখ মার্কিন ডলার এবং বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকা। 
নোবেল পুরস্কারের জন্য প্রতিবছর ৩০০ জনের একটি তালিকা তৈরি করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হয়।