প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন
রাজা ওরফে ‘পিচ্চি রাজা’র সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করছেন তার স্ত্রী খুশি। নয়া দিগন্ত

প্রিজনভ্যান থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে ‘পিচ্চি রাজা’র সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী খুশি।

Advertisement

বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের আয়োজিত সংবাদ সম্মেলন করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে স্বামীকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়ে খুশি বলেন, কারো প্ররোচনায় রাজাকে যেন গুম না করা হয়।

পুলিশের বরাত দিয়ে তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর ঢাকার আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাওয়ার পথে গাজীপুরের নাওজোড় এলাকায় প্রিজনভ্যান থেকে পালিয়ে যান রাজা ওরফে পিচ্চি রাজা। প্রিজনভ্যানে থাকা অন্য ২৯ আসামিকে কারাগারে নেয়া হলেও তাকে নেয়া হয়নি। পুলিশ বলছে, প্রিজনভ্যান থেকে নামিয়ে শৌচাগারে নেয়ার পর সুযোগ বুঝে তিনি দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে কমিটিও গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে খুশি অভিযোগ করেন, তার স্বামীকে কারামুক্ত করে দেয়া এবং নতুন মামলায় না জড়ানোর আশ্বাস দিয়ে জাহাঙ্গীর আলম নামে কথিত এক সাংবাদিক তাদের কাছ থেকে ধাপে ধাপে প্রায় এক কোটি টাকা নিয়েছেন। এত টাকা দেয়ার পরও তার স্বামী জামিনে মুক্তি পাননি, বরং তাকে একের পর এক নতুন মামলায় জড়ানো হয়েছে।

খুশির অভিযোগ, জাহাঙ্গীর আলম নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রীর লোক ও ‘মাফিয়া সাংবাদিক’ হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করতেন। সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে তিনি প্রতারণার জাল তৈরি করেছেন বলেও অভিযোগ করেন তিনি। তার ইশারায় রাজাকে গুম না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান খুশি।

পুলিশের তথ্য অনুযায়ী, রাজা ওরফে পিচ্চি রাজা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পকেন্দ্রিক মাদক কারবারের সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ অন্তত ২৫টি মামলার তথ্য রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেফতার করা হয়েছিল। ওই সময় তার কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ। পরে চলতি বছরের ১৯ মে নেপাল থেকে স্ত্রী ও শ্যালককে নিয়ে দেশে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।