রাজধানীতে ছুরিকাঘাতে নিহত রিকশাচালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক। নয়া দিগন্ত

রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত পরিচয়ের এক রিকশাচালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে দারুস সালাম থানা পুলিশ।

Advertisement

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ: আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গাবতলী আল্লাহর দান হোটেলের সামনে আনুমানিক ২০ বছর বয়সী ওই রিকশাচালককে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে দারুস সালাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে দারুস সালাম থানা পুলিশ স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।