অধিকার, আওয়ামী লীগ, নুসরাত তাবাসসুম
মানবাধিকার সংগঠন অধিকার। ইন্টারনেট

দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিরুদ্ধে কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন মানবাধিকার সংগঠন অধিকার। 

Advertisement

বৃহস্পতিবার সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া এক বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘গত ১০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের ‘দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট‘ কর্মসূচিকে কেন্দ্র করে বিগত সপ্তাহ জুড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাস, পুলিশের গাড়ি ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বাসে দেয়া আগুনে একজন চালক নিহত হয়েছেন। 

১১ নভেম্বর রাতে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরস্থ গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে তার বসতভিটা পুড়িয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে নুসরাত তাবাসসুম বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন এবং সে সময় পুলিশের গোয়েন্দা সংস্থা তাকে আটক করে রাখে।

এছাড়াও সারাদেশে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রফেসর ইউনুসের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ‘গ্রামীণ ব্যাংক’এর ১৮টি শাখায় হামলা, ভাঙচুর ও বোমা নিক্ষেপ করা হয়। 

দীর্ঘ সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতীয় শাসকগোষ্ঠীর মদদপুষ্ট হয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী ও ভিন্নমতাবলম্বীদের গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতনসহ বিভিন্ন নিপীড়ন চালিয়ে জোরপূর্বক ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। মানবাধিকার কর্মীদের জেলে প্রেরণসহ ব্যাপক নিপীড়ন চালিয়েছিল। চব্বিশের রক্তাক্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন ঘটে এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম, নির্বিচারে খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে আওয়ামী লীগের নেতা ও সংগঠকদের বিচারিক কার্যক্রম চলছে। এমতাবস্থায় পতিত ও পলাতক ফ্যাসিস্ট দলটি দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে  দিচ্ছে।

অধিকার মনে করে, আইনপ্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলো ফ্যাসিস্টদের এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। এদের অবিলম্বে আইনের আওতায় এনে জনগণের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে অধিকার।