বৈঠক
এমসসিজে ক্লাব ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠকে সদস্যরা। সংগৃহীত

গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করা সাবেক শিক্ষার্থীদের নিয়ে এমসিজে ক্লাব লিমিটেড নামে নতুন একটি সামাজিক ক্লাবের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে ক্লাবটির নিবন্ধনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

Advertisement

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাব ব্যবস্থাপনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে বৈঠকটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন।

বৈঠকে পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিমভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় ও শাকিল হাসান। ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন জাহিদ নেওয়াজ খান জুয়েল, সাইদ ইসলাম, নুরুল করিম ভূইয়া ও শাহেদ আলম।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, গণমাধ্যম অধ্যয়ন, যোগাযোগ, সম্প্রচার, টেলিভিশন ও সংশ্লিষ্ট বিভাগের সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ক্লাবের সদস্য হতে পারবেন। ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে সাধারণ সদস্যপদ দেয়া হবে।

সম্প্রতি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (আরজেএসসি) থেকে ক্লাবটির নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে এমসিজে ক্লাব লিমিটেডের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

শুক্রবারের বৈঠকে কার্যনির্বাহী কমিটির পরিচালকদের দায়িত্ব বণ্টন, সাধারণ সদস্যপদ প্রদান এবং সদস্যদের জন্য বিশেষ নম্বর বরাদ্দের নীতিমালা চূড়ান্ত করা হয়। এ ছাড়া ক্লাবের কার্যক্রম পরিচালনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকমিটি গঠন করা হয়েছে।

ক্লাবের পরিচালকরা জানান, আগামী দিনে সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও নেটওয়ার্কিং বাড়ানোর পাশাপাশি গণমাধ্যম ও করপোরেট শিল্পের সঙ্গে পেশাগত যোগাযোগ জোরদারে বিভিন্ন কার্যক্রম নেয়া হবে। একই সঙ্গে সদস্য ও তাদের পরিবারের বিনোদনের জন্যও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন করা হবে।