
বিশ্বরাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে যাচ্ছে। ১৯ নভেম্বর ২০২৬ চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (অ্যাপেক) সম্মেলনের সাইডলাইনে প্রথমবারের মতো একই টেবিলে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই শীর্ষ বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইরান যুদ্ধ অত্যন্ত গুরুত্ব পাবে; তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈঠকের আনুষ্ঠানিক এজেন্ডায় ইউক্রেন যুদ্ধের বিষয়টি সরাসরি অন্তর্ভুক্ত থাকছে না।
এই সম্মেলনকে নিছক কোনো কূটনৈতিক সৌজন্য বা তিন নেতার যৌথ ফটোসেশন হিসেবে দেখার কোনো সুযোগ নেই। কারণ, এই তিন দেশের সম্পর্কের ভেতরে রয়েছে তীব্র প্রতিযোগিতা, আস্থার সঙ্কট, সামরিক উত্তেজনা, অর্থনৈতিক নির্ভরতা এবং আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা। একদিকের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব পুনরায় প্রতিষ্ঠিত করা, অন্যদিকে রাশিয়ার লক্ষ্য হলো পশ্চিমা নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতা পেরিয়ে পরাশক্তির মর্যাদা সুসংহত করা। পাশাপাশি, শি জিনপিংয়ের লক্ষ্য চীনকে কেবল অর্থনৈতিক শক্তি হিসেবে নয়, বরং আন্তর্জাতিক নিরাপত্তা ও বিশ্বব্যবস্থার অন্যতম প্রধান নির্ধারক হিসেবে পাকাপোক্ত করা। তিন নেতার এই সম্ভাব্য বৈঠকের মূল প্রশ্নটি তাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ : তারা কি পারস্পরিক সঙ্ঘাত কমিয়ে নতুন আন্তর্জাতিক সমঝোতার পথ তৈরি করবেন, নাকি নিজেদের প্রভাববলয় বিস্তারে ক্ষমতার নতুন সমীকরণ গড়ে তুলবেন?
নতুন ইয়ার্তার আতঙ্ক বনাম সমসাময়িক বাস্তবতা
অনেকেই এই বৈঠকটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে অনুষ্ঠিত ঐতিহাসিক ‘ইয়ার্তা সম্মেলন’-এর সাথে তুলনা করছেন, যেখানে বড় শক্তির সিদ্ধান্তে ছোট দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল। ১৯৪৫ সালের ফেব্রুয়ারিতে ইয়ার্তা সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, সোভিয়েত ইউনিয়নের জোসেফ স্টালিন এবং ব্রিটেনের উইনস্টন চার্চিল যুদ্ধ-পরবর্তী ইউরোপের রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে ট্রাম্প, পুতিন এবং শির সম্ভাব্য বৈঠককে ঘিরেও একই ধরনের আশঙ্কা ও আলোচনা সামনে এসেছে। রুশ সংসদের আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যানও নতুন ইয়ার্তার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। যদি বিশ্বের তিন বৃহৎ সামরিক ও পারমাণবিক শক্তি নিজেদের নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক প্রভাবের প্রশ্নে সমঝোতায় পৌঁছায়, তবে তার সুদূরপ্রসারী প্রভাব পড়বে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার ওপর।
এখানে একটি মৌলিক প্রশ্ন সামনে চলে আসে: আন্তর্জাতিক ব্যবস্থা কি রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতার ভিত্তিতে পরিচালিত হবে, নাকি বড় শক্তিগুলোর ক্ষমতার বহরই ছোট রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করবে? তবে ১৯৪৫ সালের পরিস্থিতির সাথে ২০২৬ সালের বাস্তবতার মৌলিক পার্থক্য রয়েছে। সে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফল নির্ধারণ এবং ইউরোপীয় ব্যবস্থা নির্মাণই ছিল প্রধান বিষয়। কিন্তু বর্তমান বিশ্ব অর্থনীতি, প্রযুক্তি, পারমাণবিক প্রতিরোধ, সাইবেরিয়া বা সাইবার নিরাপত্তা, জ্বালানি এবং বহুপক্ষীয় বাণিজ্য একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। কোনো একটি গোপন চুক্তির মাধ্যমে বিশ্বকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়া আগের তুলনায় অনেক বেশি জটিল।
তিন নেতার ভূরাজনৈতিক হিসাব-নিকাশ
ডোনাল্ড ট্রাম্পের কাছে এই বৈঠকের রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব বহুমুখী। প্রথমত, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এমন একটি আন্তর্জাতিক অবস্থান তুলে ধরতে চান, যেখানে ওয়াশিংটন কেবল একক সামরিক শক্তির ওপর নির্ভরশীল নয়; বরং প্রতিদ্বন্দ্বী পরাশক্তিগুলোকেও আলোচনার টেবিলে আনতে সক্ষম। দ্বিতীয়ত, চীনের সাথে বাণিজ্যিক দ্বন্দ্ব এবং রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধকেন্দ্রিক বৈরিতা সত্ত্বেও সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা ট্রাম্পের কূটনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তৃতীয়ত, ইরান যুদ্ধের ক্ষেত্রে চীন ও রাশিয়ার অবস্থানকে প্রভাবিত করার চেষ্টা থাকবে। বিশেষ করে হরমুজ প্রণালী, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির প্রশ্নে চীনের সহযোগিতা ট্রাম্পের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।
অন্যদিকে, প্রতীকী সুবিধার দিক থেকে এই বৈঠকে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন ভøাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর সাথে রাশিয়ার সম্পর্ক গভীর সঙ্কটে পড়েছে এবং দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ মস্কোর ওপর চাপ তৈরি করেছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ও চীনা প্রেসিডেন্টের সাথে একই বৈঠকে অংশ নেয়া পুতিনের জন্য আন্তর্জাতিক মর্যাদা পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। তার মূল লক্ষ্যগুলো হলো—রাশিয়াকে আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর অপরিহার্য শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা, ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণে মস্কোর অবস্থানকে শক্তিশালী করা এবং পশ্চিমা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিচ্ছিন্নতার বিরুদ্ধে কূটনৈতিক পরিসর সম্প্রসারণ করা।
এই বৈঠকের সবচেয়ে সূক্ষ্ম ভূরাজনৈতিক হিসাব-নিকাশটি রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। যেহেতু বৈঠকটি চীনের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিশ্বের দুই বৃহৎ পারমাণবিক শক্তির নেতা চীনের মাটিতে আলোচনায় বসছেন, এটি বেইজিংয়ের জন্য একটি বড় কূটনৈতিক প্রতীকী সাফল্য। শি যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ের সাথেই ভারসাম্য বজায় রেখে সম্পর্ক পরিচালনা করতে চান। একদিকে যুক্তরাষ্ট্রের সাথে প্রযুক্তি, বাণিজ্য ও নিরাপত্তার প্রতিযোগিতা রয়েছে, অন্যদিকে রাশিয়ার সাথে রয়েছে কৌশলগত সহযোগিতা ও পশ্চিমা প্রভাব মোকাবেলার অভিন্ন আগ্রহ। তবে চীন কোনোভাবেই রাশিয়ার সাথে সম্পর্ককে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি সঙ্ঘাতের স্থায়ী কাঠামোয় পরিণত করতে চায় না। চীনের অর্থনীতির জন্য মার্কিন বাজার, আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও ইরান সঙ্কটের নতুন সমীকরণ
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ‘নিউ স্টার্ট’ চুক্তির মেয়াদ শেষ হয়েছে। ফলে দুই দেশের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ওপর চুক্তিভিত্তিক সীমাবদ্ধতার অবসান ঘটেছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য একটি বড় উদ্বেগের বিষয়। ট্রাম্প এখন চাচ্ছেন নতুন কোনো অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামোর মধ্যে চীনকেও অন্তর্ভুক্ত করতে। তবে বেইজিংয়ের অবস্থান ভিন্ন; চীনের পারমাণবিক অস্ত্রভাণ্ডার যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক ছোট হওয়ায় সমান শর্তে আলোচনায় বসতে চীন আগ্রহী নয়। এই ত্রিভুজ বৈঠকে পারমাণবিক অস্ত্র হ্রাসের পরিবর্তে অস্ত্রের সংখ্যা ও আধুনিকায়ন নিয়ে স্বচ্ছতা তৈরির বিষয়ে নীতিনির্ধারক পর্যায়ে আলোচনা শুরু হতে পারে।
বৈঠকের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ভূরাজনৈতিক বিষয় হলো ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্রের জন্য ইরান কেবল একটি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী নয়; মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব, ইসরাইলের নিরাপত্তা, উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের সাথে বিষয়টি সরাসরি জড়িত। অন্যদিকে, চীনের জন্য ইরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি ও কৌশলগত অংশীদার এবং রাশিয়ার সাথেও ইরানের গভীর রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা সহযোগিতা রয়েছে। ফলে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার স্বার্থের মধ্যে একটি জটিল ত্রিভুজ তৈরি হয়েছে। ট্রাম্প চাইবেন চীন ও রাশিয়া যেন ইরানের ওপর তাদের প্রভাব ব্যবহার করে যুদ্ধের অবসান বা অন্তত উত্তেজনা কমানোর ক্ষেত্রে দৃশ্যমান ভূমিকা পালন করে। অন্যদিকে শি ও পুতিনের সামনে প্রশ্ন থাকবে—তারা কি ইরানের ওপর অতিরিক্ত মার্কিন চাপের বিরোধিতা করবেন, নাকি আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে ওয়াশিংটনের সাথে কোনো সীমিত সমঝোতায় যাবেন?
আঞ্চলিক প্রতিক্রিয়া ও বাংলাদেশের ওপর প্রভাব
এই তিন পরাশক্তির শীর্ষ বৈঠকের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে মুসলিম বিশ্ব, দক্ষিণ এশিয়া এবং বিশেষ করে বাংলাদেশের ওপরও।
মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্য: মধ্যপ্রাচ্য বর্তমানে একাধিক সঙ্ঘাতে জর্জরিত। ইরান যুদ্ধ, ফিলিস্তিন সঙ্কট, সিরিয়া, লেবানন এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর নিরাপত্তা— সবকিছুই বড় শক্তির ভূরাজনীতির সাথে জড়িত। এই বৈঠকে যদি মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা কমে, তবে মুসলিম দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগের সুযোগ বাড়বে। তবে বড় শক্তিগুলো যদি নিজেদের স্বার্থে আঞ্চলিক শক্তিগুলোকে কেবল ক্রীড়নক হিসেবে ব্যবহার করে, তবে মুসলিম বিশ্বের বিভক্তি আরো গভীর হতে পারে।
দক্ষিণ এশিয়া (ভারত ও পাকিস্তান): ঐতিহ্যগতভাবে ভারত রাশিয়ার সাথে প্রতিরক্ষা সহযোগিতা বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্ক গভীর করেছে। চীনের সাথে সীমান্ত বিরোধ ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। এই ত্রিভুজ সম্পর্কের পটভূমিতে দিল্লির জন্য ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখা আরো বেশি জরুরি হয়ে উঠবে। অন্যদিকে পাকিস্তানের জন্যও চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা ও অর্থনৈতিক যোগাযোগ উভয়ই সমান গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ: বাংলাদেশের জন্য এই বৈঠকের তাৎপর্য কেবল আন্তর্জাতিক ক্ষমতার পরিবর্তন পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়; দেশের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা, প্রতিরক্ষা, বাণিজ্য এবং বঙ্গোপসাগরের ভূরাজনৈতিক অবস্থানের সাথে এর সরাসরি যোগসূত্র রয়েছে।
১. যুক্তরাষ্ট্র ও বাণিজ্য: বাংলাদেশের তৈরী পোশাক রফতানি, বৈদেশিক বিনিয়োগ, শ্রম অধিকার এবং আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের প্রভাব অপরিসীম। ওয়াশিংটনের সাথে সম্পর্কের অবনতি ঘটলে রফতানি ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
২. চীন ও অবকাঠামো : বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ, শিল্পায়ন এবং প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে চীনের বড় ভূমিকা রয়েছে। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের গতিপ্রকৃতি বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।
৩. রাশিয়া ও জ্বালানি: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার একটি দীর্ঘমেয়াদি ও কৌশলগত প্রকল্প। রাশিয়ার সাথে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্কের স্থিতিশীলতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৪. বঙ্গোপসাগর ও সমুদ্র অর্থনীতি: বাংলাদেশের সমুদ্রবন্দর, সামুদ্রিক সম্পদ, জ্বালানি অনুসন্ধান এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থার ভূরাজনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে।
উপসংহার
ট্রাম্প-পুতিন-শি বৈঠকটিকে একক কোনো বিচ্ছিন্ন ঘটনার মধ্যে সীমাবদ্ধ করে দেখলে এর প্রকৃত তাৎপর্য অনুধাবন করা যাবে না। এটি এমন এক সন্ধিক্ষণে ঘটতে যাচ্ছে, যখন মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার ওপর চাপ ক্রমেই বাড়ছে; চীন অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তি হিসেবে নতুন বৈশ্বিক অবস্থান তৈরি করছে এবং রাশিয়া তার সামরিক ও ভূরাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে পশ্চিমা প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। পরিবর্তিত এই বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য একক কোনো পরাশক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হয়ে জাতীয় স্বার্থের ভিত্তিতে বহুপক্ষীয় ও ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখাই হবে ভবিষ্যৎ টিকে থাকার সবচেয়ে বড় কৌশল।
লেখক : নির্বাহী সম্পাদক, নয়া দিগন্ত
mrkmmb@gmail.com
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








