
বর্তমানে প্রবাসে বিভিন্ন পেশায় বাংলাদেশের বিপুলসংখ্যক শ্রমিক নিয়োজিত আছে। এদের বড় অংশ মধ্যপ্রাচ্যে কর্মরত। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বেশিসংখ্যক প্রবাসী কাজ করছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানে। এ ছাড়া জর্দান ও ইরাকেও স্বল্পসংখ্যক শ্রমিক আছে। আফ্রিকার কিছু দেশে বাংলাদেশের পোশাকশ্রমিক ও কৃষিশ্রমিক কাজ করছে। সার্কভুক্ত দেশ মালদ্বীপ, দক্ষিণ পূর্ব এশিয়া ও দূরপ্রাচ্যের দেশগুলোতেও বাংলাদেশের শ্রমিক আছে।
মধ্যপ্রাচ্যে কর্মরত শ্রমিকরা নির্মাণশিল্পে, সড়ক ও স্থাপনায় পরিচ্ছন্নতা কর্মে, গৃহকর্মে, কৃষিকর্মে, দোকান ও বিপণিতে, কলকারখানা শ্রমিক হিসেবে এবং হোটেল-রেস্তোরাঁর কাজে নিয়োজিত। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া ও সিঙ্গাপুরে মধ্যপ্রাচ্যের মতো অনুরূপ পেশায় বাংলাদেশের বিপুলসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। দূরপ্রাচ্যের দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানে স্বল্পসংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। মালদ্বীপে কর্মরত প্রবাসী শ্রমিকদের উল্লেখযোগ্য অংশ বাংলাদেশী। আফ্রিকার দেশগুলোর মধ্যে অতীতে লিবিয়ায় বাংলাদেশী অনেক শ্রমিকের কর্মসংস্থান হয়েছিল। দেশটির অর্থনীতি দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে যুদ্ধে পরাস্থ ও হত্যাপরবর্তী মারাত্মকভাবে বিপর্যস্ত হলে সেখানে উৎপাদন কার্যক্রম স্থবির হয়ে যায়। স্থবিরতার রেষ এখনো কাটেনি। লিবিয়া ফেরত শ্রমিকরা কাজের ক্ষেত্রে ফেরত যেতে পারেননি। দেশটির শ্রমবাজার এখনো প্রবাসী শ্রমিকদের কর্মের জন্য অনুকূল নয়।
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার ও মরিশাসে পোশাকশিল্পে বাংলাদেশের অনেক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এদের অধিকাংশই দক্ষ। ইউরোপের কিছু কিছু দেশে বাংলাদেশের শ্রমিকদের কৃষিক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগের পরিধি বিস্তৃত হওয়ার সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে কর্মসংস্থানের নতুন দরজা খুলে যাবে।
পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের নগণ্যসংখ্যক পরিবার পরিজন নিয়ে বসবাস করে। পরিবারসমেত বসবাসরত শ্রমিকদের স্বামী-স্ত্রী উভয়ই শ্রমে নিয়োজিত এমনটিই দেখা যায়। বছরান্তে তাদের দেশে আসার খুব একটা আবশ্যকতা দেখা দেয় না; কিন্তু যেসব শ্রমিক একাকিত্ব নিয়ে বসবাস করেন তাদের এক, দুই বা তিন বছর পর দেশে আসা অত্যাবশ্যক হয়ে পড়ে। প্রবাসে একাকী বসবাসরত শ্রমিকরা তথায় জীবনধারণের জন্য প্রয়োজন এমন অর্থ অত্যন্ত সংযমের সাথে ব্যবহার করে উপার্জিত অর্থের বেশির ভাগ দেশে বসবাসরত পরিজনের কাছে পাঠায়। প্রবাসে কর্মরত শ্রমিকদের মধ্যে এ ধরনের শ্রমিকের সংখ্যাই বেশি। এদের প্রেরিত অর্থে আমরা আমাদের আমদানি-রফতানি ব্যয়ের ঘাটতি ও বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে খুব একটা অসুবিধার সম্মুখীন হই না। আমাদের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার দীর্ঘদিন যাবৎ যে একটি সন্তোষজনক পর্যায়ে আছে এর পেছনে মূল অবদান হলো প্রবাসে কর্মরত শ্রমিকদের।
বিদেশে কর্মরত শ্রমিকরা বৈধ (ব্যাংক ও মানি এক্সচেঞ্জ) ও অবৈধ (হুন্ডি) উভয় পন্থায় দেশে অর্থ প্রেরণ করে থাকেন; তবে শ্রমিকদের মধ্যে বেশির ভাগই বৈধ পন্থায় অর্থ পাঠিয়ে থাকে। বাংলাদেশে বর্তমানে প্রধান বৈদেশিক মুদ্রা ডলারের তিনটি বিনিময় হার কার্যকর আছে। এর একটি হলো দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত বিনিময় হার। অপর দু’টির একটি হলো আন্তঃব্যাংক কর্তৃক নির্ধারিত বিনিময় হার এবং অন্যটি খোলা বাজারের (কার্ব মার্কেট) বিনিময় হার। এ তিনটি হারের একটির সাথে অপরটির বেশ ফারাক। আবার আন্তঃব্যাংক কর্তৃক নির্ধারিত বিনিময় হারের ক্ষেত্রে দেখা যায় তা সমরূপ নয়। বিগত চার বছর যাবৎ সরকারের পক্ষ থেকে বৈধ পন্থায় অর্থ প্রেরণকারীদের প্রথমত শতকরা দুই এবং পরবর্তী সময়ে আড়াই ভাগ হারে প্রণোদনা দেয়া হচ্ছে; কিন্তু মুদ্রার বিনিময়ের তিনটি হারের একটির সাথে অপরটির ব্যাপক ফারাকের কারণে বৈধ পন্থায় অর্থ পাঠাতে তাদেরকে আরো বেশি আগ্রহী করতে পারছে না। বাংলাদেশের মতো পৃথিবীর খুব কমসংখ্যক দেশে মুদ্রার এ ধরনের তিনটি বিনিময় হার চালু আছে। এ ধরনের তারতম্যপূর্ণ বিনিময় হারের অবসান ঘটানো না গেলে অবৈধ পন্থায় অর্থ পাঠানো রোধ করা খুবই দুরূহ।
বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রতি বছর বাংলাদেশ থেকে ৬০-৭০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আমদানি ও রফতানি বাণিজ্যের এলসিতে ওভার ও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে ব্যবসায়ীরা অর্থ পাচার করেন বলে অভিযোগ আছে। এ দেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সরকারি চাকরিজীবীদের একটি অংশ নিজেদের ও তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। এদের অনেকেই তাদের দুর্নীতিলব্ধ অর্থ নিয়ে বিভিন্ন উন্নত দেশে চলে যাচ্ছেন। অর্থপাচারবিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিন্যান্সিয়াল ইনটিগ্রেটির তথ্য মতে গত এক দশকে পাচারকৃত অর্থের পরিমাণ ১১ লাখ কোটি টাকার কম নয়। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ দেশে বিনিয়োগ করা গেলে দেশের অর্থনীতি বেগবান হতো। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো।
প্রবাসে কর্মরত যেসব শ্রমিক বাংলাদেশের জন্য প্রতি বছর যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করে দিচ্ছেন, তাদের নিজেদের জন্য অথবা তাদের পরিজনের জন্য এর ক্ষুদ্রতম অংশও ব্যয় হয় না। এসব শ্রমিক বা তাদের পরিজনের কেউ অসুস্থ হলে তারা নিজ দেশেই চিকিৎসা গ্রহণ করেন। তাদের ছেলেমেয়েরা নিজ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানেই পড়ালেখা করেন। বিদেশে কর্মরত শ্রমিক বা তাদের পরিজনরা বিলাস ভ্রমণে দেশের বাইরে ঘুরতে যাওয়ার ঘটনা বিরল। এর বিপরীতে এ দেশের যারা পরিবারপরিজন নিয়ে মাঝে মধ্যে আনন্দ ভ্রমণে বিদেশ যান, সন্তানদের বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ানোয় স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের অনেকেরই বৈদেশিক মুদ্রা আহরণে অবদান নেই। অথচ যাদের অবদানের কারণে বৈদেশিক মুদ্রা সহজলব্ধ এর সুফলভোগী তারা নয়। এর সুফল নিচ্ছে একশ্রেণীর ব্যবসায়ী, রাজনীতিক ও সরকারি চাকরিজীবী।
প্রবাসে কর্মরত শ্রমিকরা বিদেশে যাওয়ার পথে এবং বিদেশ থেকে ফেরার পথে দেশের প্রধান বিমানবন্দরে সরকারের পুলিশ বিভাগের বহির্গমনে কর্মরত লোক, কাস্টমসের লোক এবং বিমানবন্দরে কর্মরত অন্যান্য সংস্থার লোকদের দ্বারা প্রায়ই হয়রানি ও নাজেহালের শিকার হন। বিমানবন্দরে থাকা এ ধরনের লোকদের ওপর যথাযথ নজরদারি থাকলে প্রবাসী শ্রমিকদের হয়রানি অনেকটাই কমে যেত।
আমাদের দেশের ভিআইপিদের জন্য বিমানবন্দরে সুযোগ-সুবিধার কমতি নেই। এদের জন্য আছে একাধিক লাউঞ্জ। আসা ও যাওয়ার সময় অভ্যর্থনার ব্যবস্থা। ভিআইপিদেরকে বিদায় জানাতে যারা আসেন, কোনো ধরনের খরচ না করেই বন্দরের ভেতরে ঢুকতে পারেন তারা। প্রস্থান ও আগমনের সময় এদের চেক ইন, ইমিগ্রেশন, মালামাল গ্রহণের কাজ নিজ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সম্পন্ন করে থাকেন। এসব ভিআইপির একটি বড় অংশ দুর্নীতিগ্রস্ত। এদের অনেকেরই বিদেশে দ্বিতীয় আবাসস্থল আছে। অনেকের ছেলেমেয়ে বিদেশে স্থায়ীভাবে থিতু হয়েছেন। এরা নিজেরাও চাকরি থেকে অবসরের পর বিদেশে পাড়ি জমানোর ভাবনায় মগ্ন।
এ দেশের তথাকথিত ভিআইপিদের মূল কাজ হলো দেশের উন্নয়ন ও অগ্রগতির সোপান প্রস্তুতে সহায়ক ভূমিকা রাখা। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দেশীয় ও বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ প্রয়োজন। মূলত জনগণের দেয়া কর থেকেই প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত ব্যক্তিদের বেতনভাতা ও সুযোগ-সুবিধার জোগান দেয়া হয়। তথাকথিত ভিআইপিদের মধ্যে সততা, দক্ষতা, আন্তরিকতা ও দেশপ্রেম উজ্জীবিত থাকলে তারা নিজেরা দুর্নীতি থেকে মুক্ত থাকবেন। এর পাশাপাশি কর আহরণের লক্ষ্য পূরণে একাগ্র হবেন।
অপর দিকে প্রবাসে কর্মরত শ্রমিকরা নিরবিচ্ছন্নভাবে বৈদেশিক মুদ্রার জোগান দিয়ে যেভাবে দেশের লেনদেনের ভারসাম্য রাখছেন, তার গুরুত্ব বুঝতে আমরা কতটুকু সক্ষম। এই সক্ষমতার অভাবের কারণেই তাদের যথাযথ অবদান মূল্যায়ন হচ্ছে না।
লেখক : সাবেক জজ এবং সংবিধান, রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক
iktederahmed@yahoo.com
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








