
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে পানি চুক্তির দু’টি শর্ত ছিল। এক. গ্যারান্টি ক্লজ। দুই. জাতিসঙ্ঘে উত্থাপন। গ্যারান্টি ক্লজ ছাড়া বাংলাদেশের পানি পাওয়ার নিশ্চয়তা নেই। আর দুই নম্বর হচ্ছে আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করা। কিন্তু পতিত আওয়ামী লীগ সরকার এই দু’টি শর্ত বাতিল করে। তখন পানিসম্পদমন্ত্রী ছিলেন আব্দুর রাজ্জাক। তিনি ভারতপন্থী হিসাবে পরিচিত ছিলেন। আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি চুক্তি করে। সেই চুক্তিতে গ্যারান্টি ক্লজ বাদ দেয়ার কারণে বাংলাদেশ আজ পর্যন্ত ন্যায্য পানি পায়নি। এখনো বাংলাদেশ পানি বণ্টনে ন্যায্যতা প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে।
ঐতিহাসিক গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলের পানি নিরাপত্তা ও পরিবেশ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এ বিষয়ে জরুরি আলোচনা হয়। আনীত একটি প্রস্তাবনায় আশঙ্কার কথা তুলে ধরেন বিরোধী দলের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম। তিনি কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধি অনুযায়ী প্রশ্ন তোলেন। এতে তিনি উল্লেখ করেন, ১২ ডিসেম্বর গঙ্গার পানি চুক্তির মেয়াদ শেষ হবে। বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ভারতের সাথে জোরধার কূটনীতির আলোচনার ওপর জোর দেন। প্রস্তাবিত প্রস্তাবনায় উল্লেখ করা হয়, এই চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা, পরিবেশগত ভারসাম্য এবং কোটি মানুষের জীবন-জীবিকার সাথে গভীরভাবে সম্পৃক্ত। বিশেষ করে এর প্রভাবে দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ব্যাহত হওয়া, কৃষক ও মৎস্যজীবীদের জীবন-জীবিকা সঙ্কট, গড়াই নদীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শাখা নদীগুলোর নাব্যতা হ্রাস, সুন্দরবনের অনন্য জীববৈচিত্র্য ধ্বংস হওয়া এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার মাত্রা তীব্রভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
একই সাথে দেশের অভ্যন্তরে দীর্ঘমেয়াদি পানিসম্পদ ব্যবস্থাপনা যেমন-গঙ্গা ব্যারাজ প্রকল্প বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কিংবা বিকল্প জলাধার নির্মাণের মাধ্যমে জাতীয় স্বার্থ সুরক্ষিত করাকে বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সাথে কার্যকর ও ফলপ্রসূ আলোচনা, চুক্তি নবায়ন বা নতুন ন্যায্য পানিবণ্টন চুক্তি সম্পাদন এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকারের জরুরি ও সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ অপরিহার্য বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের পানি নিরাপত্তা ও স্বার্থের কারণে গঙ্গা চুক্তিটি গুরুত্বপূর্ণ। পরিবেশগত ভারসাম্য নষ্ট হতে পারে।
গ্যারান্টি ক্লজ মানে ন্যূনতম পানি প্রবাহ ঠিক রাখা। তারেক রহমানের সরকারের সময় এই ইস্যুটি তোলা দরকার। কখনো তিনি ভারত সফরে গেলে তারেক-মোদি আলোচনায় এই বিষয়টি মুখ্য হওয়া দরকার। দেশে বিরোধী দল এই বিষয়ে সাহস জোগাবে যেন আমাদের সরকার এ বিষয়টি জাতিসঙ্ঘে উত্থাপন করতে পারে।
লেখক : সিনিয়র সাংবাদিক
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








